২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

মোশাররফ করিমের ২ সিরিজ আসছে নেটফ্লিক্সে

হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখা যাবে সিরিজ দুইটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 10:51 PM

Updated : 24 Oct 2026, 10:50 PM

মোশাররফ করিম অভিনীত দর্শকপ্রিয় দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার দেখা যাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখা যাবে সিরিজ দুইটি।

‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ নির্মিত হয়েছিল হইচই বাংলাদেশ প্ল্যাটফর্মের জন্য। বিজ্ঞপ্তিতে হইচই বাংলাদেশ জানিয়েছে, মহানগর সিরিজটির নাম একই থাকলেও নতুন সংস্করণে বদলে গেছে বোহেমিয়ান ঘোড়া সিরিজের নাম। সিরিজটির নতুন নাম ‘শাদি কা সিয়াপা’।

সম্প্রতি নেটফ্লিক্স ও হইচইয়ের মধ্যে একটি চুক্তি হয়েছে। এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো হইচই প্ল্যাটফর্মের দর্শকপ্রিয় ও প্রশংসিত ওয়েব সিরিজ, নতুন প্রিমিয়ার এবং বিশেষ রিমেকগুলো ভারতীয় দর্শকদের কাছে পৌঁছে দেওয়া।

চুক্তি অনুযায়ী, আগামী দুই বছর মুক্তি পেতে চলা হইচইয়ের সব কয়টি নতুন সিরিজ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে নেটফ্লিক্সে। পাশাপাশি নির্বাচিত অরিজিনালগুলোর নতুন সংস্করণও তৈরি হবে নেটফ্লিক্সের জন্য।

এই চুক্তির আওতায় নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তির তালিকায় রয়েছে হইচইয়ের ১৪টি সিরিজ। এর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশে মহানগর ও বোহেমিয়ান ঘোড়া।

মহানগর বানিয়েছেন আশফাক নিপুণ। ঢাকার একটি থানার এক রাতের গল্প দিয়ে তৈরি সিরিজটিতে মোশাররফ করিম অভিনয় করেছেন ওসি হারুন চরিত্রে। গভীর রাতে প্রভাবশালী এক ব্যক্তির ছেলে সড়ক দুর্ঘটনা ঘটায়, তাকে গ্রেপ্তার করা হলে থানায় তৈরি হওয়া রাজনৈতিক চাপ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে ওসি হারুনের চতুর ও নাটকীয় ভূমিকা নিয়ে সিরিজের কাহিনী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলাসহ অনেকে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিরজটির দুইটি সিজন।

অন্যদিকে ট্রাকের ড্রাইভার আব্বাসের গল্প নিয়ে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন বোহেমিয়ান ঘোড়া। আব্বাস সাত জেলায় সাতটি বিয়ে করেছে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। এক বৃদ্ধের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল এক তরুণীর। সেই বিয়ে থেকে যুবতীকে রক্ষা করার পর না চাইলেও তাকে বিয়ে করতে বাধ্য হয় আব্বাস। এরপরই শুরু হয় গোলমাল। আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও আছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রাকিব হোসেন ইভনসহ অনেকে।

এ ছাড়া আগামী ডিসেম্বরে হইচইয়ে মুক্তি পাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিরিজ ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’। প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিরিজটিও নেটফ্লিক্সে দেখা যাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।