Published : 25 Aug 2023, 05:34 PM
শ্রেয়া ঘোষালকে গানের বড় পরিসরে প্রথম পাওয়া যায় ঠিক দুই দশক আগে ২০০৩ সালে। নির্মাতা সঞ্জয় লীলা বানসালীর ‘দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করেছিলেন তিনি। ব্যাপক জনপ্রিয়তা পায় শ্রেয়ার ‘ব্যারি পিয়া’ গানটি, যেখানে বিলাত ফেরত দেবদাসের সঙ্গে পার্বতীর উচ্ছ্বল প্রেম দেখানো হয়। আর এই গানের জন্য প্রথম জাতীয় পুরস্কার পান শ্রেয়া।
শ্রেয়ার হাতে দ্বিতীয় জাতীয় পুরস্কার ধরা দেয় ঠিক দুবছর পর। ২০০৫ সালে শাহরুখ খান ও রানি মুখার্জি অভিনীত ‘পাহেলি’ সিনেমায় ‘ধীরে জলনা’ গানে প্লেব্যাক করে ফের পুরস্কার পেয়ে হইচই ফেলে দেন এই গায়িকা।
এরপর কারিনা ও শাহিদ কাপুরের জনপ্রিয় সিনেমা ‘যাব উই মেট’ এ শ্রেয়ার গান গাওয়ার সুযোগ মেলে। এই সিনেমায় ‘ইয়ে ইশক হায়’ গেয়ে সেরা গায়িকার জাতীয় পুরস্কার পেয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গানের ক্যারিয়ার শক্তপোক্ত বুনটে বেঁধে ফেলেন শ্রেয়া।
২০১০ সালে শ্রেয়া জাতীয় পুরস্কার পান বাংলা-মারঠি দুই ভাষার দুটি গানের জন্য। বাংলাটি হল কলকাতার ‘অন্তহীন’ সিনেমার ‘ফেরারী মন’। এই গানের জন্য তুমুল জনপ্রিয়তার পাশাপাশি শ্রেয়া ফের জিতে নেন জাতীয় পুরস্কার। এছাড়া একই সঙ্গে মারাঠি সিনেমা ‘জোগওয়া’র ‘জিব রংলা’ গানে প্লেব্যাকের জন্যও পান পুরস্কার।
পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ পেয়েছেন শ্রেয়া। এছাড়াও ‘ফোর্বস’র সেরা ১০০ প্রভাবশালী তারকাদের তালিকায় ২০১৩ সাল থেকে স্থান নিয়েছেন তিনি। প্রতিবছরই সেরা পঞ্চাশ শিল্পীর মধ্যে নাম থাকে শ্রেয়ার।