লিমনের গান, লিমনের ভাবনা
স্কুলে ভর্তির আগেই সংগীতে হাতে খড়ি লিমন চৌধুরীর। ছোট্ট লিমনকে উৎসাহ দিতেন সংগীতশিল্পী মামা আশিকুর রহমান। স্কুল ছুটির পর বন্ধুরা যখন মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, লিমন তখন হারমনিয়াম নিয়ে মামার সঙ্গে গলা সাধছে।
লিমন তখন ক্লাস সিক্সে পড়েন। মামার উৎসাহে স্কুলের একটি প্রোগ্রামে তিনি গাইলেন ‘সখী, রজনি পোহাল’। গান শুনে মুগ্ধ হল শ্রোতারা। লিমন তালিম নিতে শুরু করেন ওস্তাদ অনিল দের কাছে।
বিশ্ববিদ্যালয় জীবনে এসে তিনি ভর্তি হলেন কলিম শরাফীর সংগীতভবনে। এখানে তিনি চার বছর নজরুলসংগীত তালিম নিয়েছেন। এরপর তিনি ভর্তি হলেন ছায়ানটে। সেখানে তালিম নিয়েছেন রবীন্দ্রসংগীত ও উচ্চাঙ্গসংগীতে।
লিমনের প্রথম একক অ্যালবাম ‘নির্ঝরের তানপুরা’ প্রকাশিত হয় ২০০৭ সালে। এই অ্যালবামের কয়েকটি গানের সংগীতায়োজন করেন বাপ্পা মজুমদার। এ অ্যালবামের মাধ্যমেই বাপ্পা মজুমদারের সঙ্গে প্রথম পরিচয়। সেই গল্প শোনালেন লিমন। তিনি বলেন, “এক কাজিনের মাধ্যমে বাপ্পা মজুমদারের সঙ্গে পরিচয়। কটা গান সুর করেছি। আলাপচারিতার পর বাপ্পা আমার গান শুনতে চাইলেন। দুরুদুরু বুকে গানের খাতা খুলে গাইলাম দুটো গান। গান শুনে ভালো লাগল তার। সেদিনই ঠিক হল, আমার অ্যালবামের কটা গান রেকর্ড করবেন তিনি।”
এ অ্যালবামের পর তিন বছর বিরতি। এর মধ্যে বিভিন্ন স্টেজ শো ও লাইভ প্রোগ্রামে গান পরিবেশন করেন লিমন। দ্বিতীয় অ্যালবামের প্রস্তুতিও শুরু করেছেন ততদিনে।
২০১২ সালে দশটি গান নিয়ে প্রকাশিত হল লিমনের দ্বিতীয় অ্যালবাম ‘বৃষ্টি বিনিময়’। সেমি ক্ল্যাসিক্যাল ও ফোক ধাঁচের ১১টি গান নিয়ে সাজানো হয়েছিল এ অ্যালবাম। এ অ্যালবামের ‘মন খারাপ’, ‘তোমার ছবি’, ‘দূরের ছায়া’ শিরোনামের তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন তিনি। এ অ্যালবামের ‘অনুরাগ’ শিরোনামের একটি গানে তার সঙ্গে গেয়েছিলেন ফাহমিদা নবী।
গান নিয়ে নিজের ভাবনার কথাও জানালেন লিমন। তিনি বলেন, “একান্ত ভালো লাগা থেকে গান গাই। নিজের মতো করে সুর করি। অনেকে রিয়েলিটি শোতে অংশগ্রহণের পরামর্শ দিলেও আমি সেখানে যাইনি। আমার মতে, রিয়েলিটি শোগুলোতে মেধার সঠিক মূল্যায়ন হয় না। দর্শক ভোট কখনও একজন শিল্পীর মেধা বিচারের মাধ্যম হতে পারে না।”
পাইরেসি ইস্যু নিয়েও চিন্তিত লিমন। তার মতে, কতিপয় অসাধু অডিও ব্যবসায়ীদের যোগসাজশে পাইরেসি ব্যবসা এখন রমরমা। এ অবস্থা চলতে থাকলে অডিও ব্যবসা একদিন বিলুপ্ত হবে। তবে শিল্পীরা টিকে থাকবেন। ভিন্ন কোনো উপায়ে তাদের গান পৌঁছে যাবে শ্রোতার ঘরে।
