২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমিয়সুধায় সোমলতা

‘অমিয়সুধা’র জন্য গাইলেন ভারতীয় কণ্ঠশিল্পী সোমলতা

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 03:42 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

ভারতের কলকাতার কণ্ঠশিল্পী সোমলতা আচার্য বাংলাদেশের সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী তানভীর তারেকের ডুয়েট গানের অ্যালবামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। অ্যালবাম ‘অমিয়সুধা’য় গানটি অন্তর্ভুক্ত হবে।

‘আকাশটাকে হাতের মুঠোয় আনতে পারি’ শিরোনামের এই গানের রচয়িতা তানভীর তারেক। সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি।

এ বিষয়ে তারেক গ্লিটজকে বলেন, “প্রায় পাঁচ বছর আগে কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে আমার কয়েকটি কম্পোজিশনে সোমলতা হামিং ও কোরাসে অংশ নিয়েছিলেন। তখন সোমলতা আজকের মতো পরিচিতি পাননি। তখন থেকেই তার সঙ্গে পরিচয়।”

তিনি আরও বলেন, “সেই পরিচয়ের সূত্র ধরেই তিনি আমার আসন্ন অ্যালবামের জন্য গানটি করেছেন। তার কণ্ঠগুণে গানটি শ্রোতাদের কাছে আরও আকর্ষণীয় হবে বলে আশা করছি।”

‘অমিয়সুধা’ অ্যালবামে তানভীরের গাওয়া তিনটি দ্বৈত গান থাকছে। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এলিটা, সোমলতা ও পড়শী। অ্যালবামটি সেলিব্রিটি মিউজিকের ব্যানারে ৫ রমজান বাজারে আসবে।