২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার সিনেমায় গাইলেন বাংলাদেশের অনিমেষ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘ও অভাগী’র টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অনিমেষ।

কলকাতার সিনেমায় গাইলেন বাংলাদেশের অনিমেষ

অনিমেষ রায়

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 09:27 PM

Updated : 03 Aug 2023, 08:12 AM

প্রথমবারের মতো ভারতীয় বাংলা সিনেমায় গান গাইলেন ‘নাসেক নাসেক’ খ্যাত বাংলাদেশের গায়ক অনিমেষ রায়। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘ও অভাগী’র টাইটেল ট্র্যাকটি অনিমেষ গেয়েছেন বলে আনন্দবাজার জানিয়েছে। 

সিনেমাটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। তাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রফিয়াত রশিদ মিথিলা। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। 

সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অনিমেষ বলেন, “আমি সত্যিই খুশি। যে আমার উপর এতটা ভরসা করেছেন মৌসুমীদিদিরা। অর্ণবদা (শায়ন চৌধুরী অর্ণব) আমায় প্রথম সুযোগ দিয়েছিলেন কোক স্টুডিওতে। তার আগে লকডাউনের সময় ইউটিউব চ্যানেল, ফেসবুকে নিজের গান তৈরি করে দিতে শুরু করি। আমার দাদু, বাবা, মা সকলেই কিন্তু গানবাজনার মানুষ। পরিবারের থেকেই আমার এই গানের প্রতি ভালবাসা।”

হাজং জনগোষ্ঠীর এই শিল্পীর বাড়িতে মা ছাড়াও রয়েছেন দুই দাদা এবং একজন দিদি। সকলেই হাজং ভাষাতেই গান গাইতেন। কিন্তু দায়িত্বের চাপে গান নিয়ে বেশিদূর এগোতে পারেন তিনি। 

নিজের টানাপোড়ন নিয়ে অকপটে অনিমেষ বলেন, “তাই তো সব দায়িত্ব এখন আমার কাঁধে। পরিবারের স্বপ্নপূরণ আমাকেই করতে হবে। আমার পড়াশোনাও লোকগীতি নিয়ে। সদ্য মাস্টার্স ডিগ্রি শেষ হয়েছে।” 

এছাড়াও অনিমেষ জানান, তার স্বপ্ন হাজং ভাষা এবং সম্প্রদায়কে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে বাংলাদেশের বেশ কিছু গান নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

আগামীতে কলকাতায় আরো কাজ করতে চান তিনি।