যেভাবে ট্রলের শিকার হন বলিউড তারকারা
হালে সোশাল মিডিয়ায় হেনস্তা হন সোনম কাপুর, ভূমি পেডনেকার, মালাইকা অরোরা, অভিষেক বচ্চন।
ভক্তরা মাঝে-মধ্যে তারকাদের জন্য শাঁখের করাতও হয়ে ওঠেন, যেমনটা হরহামেশোই দেখা যায় বলিউডে।
ভক্তদের খুশি রাখতে বলিউডের অনেক তারকাই নিজেদের ছবি, কাজ দিয়ে থাকেন সোশাল মিডিয়ায়; তবে তা করতে গিয়ে চেহারা বা পোশাকের জন্য ট্রলডও হতে হয়।
এই মাসেই সোনম কাপুর, ভূমি পেডনেকার, মালাইকা অরোরা ও অভিষেক বচ্চন এমন ট্রলের শিকার হয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া খবর দিয়েছে।
গত শুক্রবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল অভিনেত্রী সোনম কাপুরকে। কালো টপ-প্যান্ট- ব্লেজার এবং সাদা জুতায় তাকে আকর্ষণীয়ই লাগছিল। মুম্বাই থেকে কোথাও যাচ্ছিলেন তিনি। প্রথম সন্তান বায়ুর জন্মের দুই মাস পর তাকে একা যেতে দেখেহয় ট্রল। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেন, দুই মাস বয়সী বাচ্চাকে ফেলে কোথায় যাচ্ছেন তিনি?
অভিনেত্রী ভূমি পেডনেকারকে সম্প্রতি একটি দীপাবলি পার্টিত দেখা গিয়েছিল। সাদা পোশাকে তাকে স্নিগ্ধ ও মার্জিত দেখাচ্ছিল। তবু তিনি পোশাকের জন্য কটাক্ষের স্বীকার হয়েছেন।
এমনকি অদ্ভুত পোশাকের জন্য আলোচিত উরফি জাভেদের সঙ্গেও তুলনা করা হয় ভূমিকে। তার রুচিবোধ নিয়ে মন্তব্যের পাশাপাশি অশ্লীলতার কথাও বলেন অনেকে।
ফ্যাশন সচেতন মালাইকা অরোরা ট্রলড হচ্ছেন বেশ কিছুদিন ধরেই। পালকের ক্যাপ পরা একটি ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে দেন তিনি। বিটি শেয়ার করে মালাইকা লিখেছিলেন, ‘ক্যাজুয়ালি যাচ্ছে আমার দিন’। সেই পোস্টে একজন লেখেন, “মুরগি খেয়েছেন? ওদের পাখা লাগিয়ে ঘুরছেন কেন?” অন্য একজন মন্তব্য করে বসেন, “জঙ্গল থেকে এটা কে উঠে এল?”
অমিতাভপুত্র অভিষেক বচ্চন তার এক মন্তব্যের জন্য পড়েন নেটিজেনদের সমালোচনায়। এক সাংবাদিকের কথার প্রতিক্রিয়ায় এই অভিনেতা বলেছিলেন, “লোকেরা কি এখনও সংবাদপত্র পড়ে?” তাতে একজন লিখেছেন, “বুদ্ধিমান লোকেরা পড়ে। তোমার মতো বেকার মানুষ না।”
বুদ্ধি খাটিয়ে অভিষেক প্রত্যুত্তরে বলেন, “বুদ্ধি এবং বেকারত্ব কিন্তু এক বিষয় না। ধরে নিলাম আপনি বেকার নন, কিন্তু আমি নিশ্চিত আপনি বুদ্ধিমানও নন!”
