২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংগীতে মেধাস্বত্ব সুরক্ষায় কঠোর হওয়ার আহ্বান শিল্পী-অংশীজনদের

কপিরাইট অফিসের রেজিস্ট্রার বলছেন, যেভাবে চুক্তি করা হয়, সেভাবেই রয়্যালিটি নির্ধারিত হয়। অনেকেই চুক্তির ফাঁক দিয়ে শিল্পীদের ‘ঠকায়’।

সংগীতে মেধাস্বত্ব সুরক্ষায় কঠোর হওয়ার আহ্বান শিল্পী-অংশীজনদের

কপিরাইট অফিসে ‘সংগীত বিষয়ক মেধাস্বত্ব সুরক্ষায় অংশীজনদের ভূমিকা’ সেমিনারে অংশ নেন শিল্পী ও অংশীজনরা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 04:15 PM

Updated : 25 Aug 2022, 04:24 PM

সংগীতের মেধাস্বত্ব থেকে চলচ্চিত্র প্রযোজক বা সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা যাতে শিল্পীদের ‘ঠকাতে’ না পারেন, সেজন্য কপিরাইট অফিসকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পীরা।

বুধবার রাজধানীতে কপিরাইট অফিসে ‘সংগীত বিষয়ক মেধাস্বত্ব সুরক্ষায় অংশীজনদের ভূমিকা’ বিষয়ক সেমিনারে এই আহ্বান আসে।

প্রত্যেক অংশীজন যাতে মেধাস্বত্বের প্রাপ্য রয়্যালিটি ঠিকমত পান, সে বিষয়ে সচেতনা এবং করণীয় ঠিক করতে এ সেমিনারের আয়োজন করে কপিরাইট অফিস।

কপিরাইট অফিসের রেজিস্ট্রার মো. দাউদ মিয়া বলেন, সংশোধিত কপিরাইট আইনে সংগীত সংশ্লিষ্টদের মেধাস্বত্ব সুরক্ষার ব্যাপারটি রয়েছে। আইনটি পাস হলে অনেক জটিলতার নিরসন হবে।

“আগের আইনটি অনেক কমপ্লিকেটেড। সেটি সংশোধন করা হচ্ছে। সংশোধিত আইনটি পাস হলে অনেক জটিলতা দূর হবে।”

সরকার ২০২১ সালে কপিরাইট আইনে সংশোধন আনে।ওই আইনে নৈতিক অধিকার, অজ্ঞাতনামা বা ছদ্ম নামের স্বত্বাধিকারী, ডেটাবেইজ, পাবলিক ডোমেইন, লোকজ্ঞান ও লোকসংস্কৃতি ইত্যাদি যুক্ত করে সংশোধিত কপিরাইট আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

নীতিগত অনুমোদন পাওয়া খসড়ায় বলা হয়েছে, প্রথম প্রকাশ হওয়ার পর ৬০ বছর পর্যন্ত কপিরাইট থাকবে। এক্ষেত্রে স্বত্বাধিকারী যদি মারাও যান, তাহলে প্রথম দিন থেকে ৬০ বছর পর্যন্ত স্বত্বাধিকার পাবেন।

সংগীতশিল্পী মনির খান বলেন, “বলা হয় চলচ্চিত্রে সকল স্বত্ব প্রযোজকের। এখন সিনেমায় ব্যবহার হওয়া একজন শিল্পীর গান যখন সিনেমায় থাকে, সেটি ঠিক আছে। কিন্তু শিল্পীর গাওয়া সেই গান যখন বিভিন্ন ডিজিটাল মাধ্যমে আর্থিক উপার্জনের জন্য দেওয়া হচ্ছে, তখন তো শিল্পী বঞ্চিত হচ্ছেন।”

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মনির খান বলেন, “আমি বহু বছর ধরে সিনেমায় গান গেয়েছি। এখন সেসব সিনেমার প্রযোজক গানগুলো নানা লেভেল কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় আমার কণ্ঠে গানগুলো বাজতে শুনি। আবার কেউ কেউ গানগুলো অন্য শিল্পীকে দিয়ে রেকর্ড করেও বাণিজ্যিকভাবে বিপণন করছেন।“

নিজের প্রত্যাশার কথা তুলে ধরে এই শিল্পী বলেন, “সিনেমার গানের ক্ষেত্রে আমি বা আমার মত শিল্পীরা কীভাবে প্রাপ্য রয়্যালিটি পেতে পারেন, তার জন্য কপিরাইট অফিস কাজ করবে বলে আশা করছি।”

বিখ্যাত কোনো গান গীতিকার ও সুরকার পরবর্তীতে অন্য কোনো শিল্পীকে দিয়ে রেকর্ড করতে পারেন কি না- প্রশ্ন রাখেন প্রয়াত সংগীতশিল্পী আবদুল আলীমের মেয়ে নূরজাহান আলীম।

তিনি বলেন, “আমার বাবা আবদুল আলীমের কণ্ঠে জনপ্রিয় হওয়া অনেক গান এখন অনেকেই গাইছেন। সেক্ষেত্রে আবদুল আলীমের পরিবার কোনো রয়্যালিটি পাবেন কিনা?

রেজিস্ট্রার মো. দাউদ মিয়া বলেন, “গানের ক্ষেত্রে প্রথম মালিকানা গীতিকার-সুরকারের। তারা সম্মত হয়ে অন্য শিল্পীকে দিয়ে গানটি পুনরায় করতে পারেন। প্রথম যিনি গেয়েছিলেন, সেই রেকর্ডটি যদি বাণিজ্যিকভাবে ব্যবহার, তবে তিনি রয়্যালিটি পাবেন। কিন্তু পরে যে শিল্পী গেয়েছেন, তার রয়্যালিটি গীতিকার-সুরকার পেলেও প্রথম শিল্পী পাবেন না।”

দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার বলেন, তিনি যেসব গীতিকার ও সুরকারদের গান করেছেন, নিজ উদ্যোগে
২০১২ সাল থেকে তাদেরকে তিনি নিয়মিত রয়্যালিটি দিয়ে যাচ্ছেন।

দাউদ মিয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকার তাগিদ দেন।

তিনি বলেন, “অন্যের পাওনা বুঝিয়ে দিতে হবে এবং নিজের পাওনাটুকু আদায় করে নিতে হবে।”

পুরনো খবর:

নতুন কপিরাইট আইনে সরকারের সায়

ব্যান্ডশিল্পী হামিন আহমেদ বলেন, “আমরা জানি, কপিরাইট আইনটি মন্ত্রণালয় থেকে পর্যালোচনার পর এখন সংসদে পাস হওয়ার অপেক্ষায়। আমরা নিশ্চিত না, ঠিক কী বলা হয়েছে সংশোধিত আইনে।”


রেজিস্ট্রার দাউদ মিয়া বলেন, “প্রাপ্য রয়্যালিটি নিশ্চিত করতে সবচেয়ে বেশি জরুরি হল লিখিত চুক্তির ব্যাপারে সবার সচেতন থাকা। যেভাবে চুক্তি করা হয়, সেভাবেই রয়্যালিটি নির্ধারিত হয়। অনেকেই চুক্তির ফাঁক দিয়ে শিল্পীদের ঠকায়।

“গীতিকার-সুরকার ও শিল্পীরা যখন চুক্তি করেন, তখন লেবেল কোম্পানিকে গানটির সর্বস্বত্ব দিয়ে দেন খুবই অল্প টাকার বিনিময়ে। পরে যখন গানটি শ্রোতাপ্রিয় হয়, তখন লেবেল কোম্পানি সেটার সুবিধা পায়। কিন্তু গানটির গীতিকার, সুরকার ও শিল্পীদের মাঝে তখন আক্ষেপ তৈরি হয়। এজন্য চুক্তির বিষয়ে সবাইকে আরো সচেতন হতে হবে।”

বাপ্পা মজুমদার কপিরাইট নিবন্ধন ও অভিযোগ প্রক্রিয়াটি ডিজিটাল করার অনুরোধ করেন। তিনি বলেন, “গীতিকার-সুরকার-শিল্পীদের অনেকেই এখন বিদেশেও থাকেন। যদি ডিজিটাল মাধ্যমে আবেদন করা বা অভিযোগ করার সুযোগ থাকে, তখন অনেকের সুবিধা হয়। এ বিষয়টিতে জোর দেওয়ার অনুরোধ জানাই।”

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার অব কপিরাইট প্রিয়াংকা দেবী পাল। সংগীতশিল্পী খুরশীদ আলম, ফুয়াদ নাসের, প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার, নূরজাহান আলীম, ইমরান মাহমুদুল, লুৎফর হাসান, অর্থহীনের ফাহিম, পাওয়ার সার্জের জামশেদ চৌধুরীসহ আরও অনেকে অংশ নেন।