হ্যারি পটার আবার?
হ্যারি পটার নিয়ে মোট আটটি সিনেমা তৈরি হয়েছে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত।
গোল গোল চশমার কিশোর জাদুকর হ্যারি পটারের গল্প যদি আবারও সিনেমার পর্দায় আসে, কেমন হবে? সেরকমই চাইছেন প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সিইও ডেভিড জ্যাসলভ।
হ্যারি পটার নিয়ে মোট আটটি সিনেমা তৈরি হয়েছে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত। সেগুলো বানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স। ২০১১ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ’ এর পর এ ফ্র্যাঞ্চাইজির আর কোনো সিনেমা আসেনি।
এন্টারটেইনমেন্ট ইউকলি জানিয়েছে, ওয়ার্নার ব্রাদার্স কিশোর পটারের আরও কিছু অজানা গল্প এখন শোনাতে চায় দর্শকদের। তবে সেজন্য তাদের নির্ভর করতে হবে হ্যারি পটারের লেখিকা জে কে রাওলিংয়ের ওপর। কারণ সিনেমা বানাতে প্রয়োজন রাওলিংয়ের নতুন উপন্যাস।
ডেভিড জ্যাসলভ বলেছেন, “১৫ বছর হয়ে গেল আমরা হ্যারি পটারের একটি সিনেমাও বানাইনি। শেষ সুপারম্যান বানিয়েছি ১৩ বছর আগে। ওয়ার্নার ডিসি ও হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজি থেকে শেষ ২৫ বছরে অনেক আয় করেছে। আমরা চাইছি ওইসব সোনালী দিন ফিরিয়ে আনতে।“
ফ্র্যাঞ্চাইজির ওপর গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে হাউস অফ দ্য ড্রাগনের সাফল্যের কথা বলেছেন জ্যাসলভ। তাছাড়া ‘লর্ড অব রিংস’ এর স্বত্বও তাদের হাতে আছে। এগুলোর নতুন সিরিজ আসতে পারে। এখন যদি হ্যারি পটারকে আবারও জাগিয়ে তোলা যায়, তার চেয়ে ভালো আর কি বা হতে পারে!
“রাউলিং যদি আরও কিছু গল্পের যোগান দেন, যদি নতুন কিছু ভাবনাচিন্তা তার মাথায় আসে, তাহলে আবারও একসঙ্গে কাজ হতে পারে।“
হ্যারি পটারের জাদুনির্ভর কল্পকাহিনী শিশু কিশোরদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়। এর নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে খ্যাতি পান ড্যানিয়েল র্যাডক্লিফ।
