পঁচিশতম প্রদর্শনীতে ‘মূল্য অমূল্য’
কোভিড মহামারীর প্রথম বছর ২০২০ সালে অনলাইনে ‘মূল্য অমূল্য’ নাটকের মহড়া শুরু করেছিলেন এর অভিনয়শিল্পীরা।
নাট্যদল ‘অনুস্বর’ এর ‘মূল্য অমূল্য’ নাটকের ২৫তম প্রদর্শনী হয়েছে ঢাকায় মহিলা সমিতির মঞ্চে।
বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুস্বর এর এই তৃতীয় প্রযোজনাটির প্রর্দশনী হয় শনিবার।
আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ অবলম্বনে ‘মূল্য অমূল্য’ নাটকের ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায়, রূপান্তর ও নির্দেশনায় মোহাম্মদ বারী।
কোভিড মহামারীর প্রথম বছর ২০২০ সালে অনলাইনে ‘মূল্য অমূল্য’ নাটকের মহড়া শুরু করেছিলেন এর অভিনয়শিল্পীরা। পরে মহামারীর প্রকোপ কমলে ওই বছরের ৬ নভেম্বর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।
নাটকের নির্দেশক ও অভিনয়শিল্পী মোহাম্মদ বারী বলেন, “প্রথমটির পর নাটকটির টানা প্রদর্শনী আমরা করেছি। যারা এ নাটকের যাত্রায় আমাদের সঙ্গী ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দর্শকদের ভালোবাসার কারণেই আমরা এই পথ হাঁটতে পেরেছি, তাই বিশেষ কৃতজ্ঞতা জানাই দর্শকদের।”
২৫তম প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অসিম কুমার দে। প্রদর্শনীর পর শিল্পী ও কলাকুশলীদের শুভেচ্ছা স্মারক তুলে দেন তিনি।
‘মূল্য অমূল্য’ মূলত মুনাফাভিত্তিক রাষ্ট্র, সমাজ আর বাজার অর্থনীতির আগ্রাসনে ভেঙে পড়া যৌথ পারিবারিক বোধের চরম মূল্য চুকানোর গল্পের নাটক।
নাটকে দেখানো হয়েছে, বাবার ব্যবহৃত পুরনো আসবাবপত্র নিলামে বিক্রি করছে তার দুই পুত্র রঞ্জু ও মঞ্জু। তাদের মাঝে উপস্থিত চতুর নিলামদার খোদাবক্স। কিন্তু মূল উদ্দেশ্য ছাপিয়ে বিপরীতমুখী চরিত্রের দুই ভাইয়ের মধ্যে শুরু হয় অতীত নিয়ে দ্বিধা, বর্তমান নিয়ে হতাশা আর ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন।
দুই ভাইয়ের ব্যক্তিত্বের এই দ্বন্দ্ব আর যুক্তি-তর্কের মাঝে উঠে আসে আদর্শিক পাকচক্র, আসে লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র আর হতাশাগ্রস্ত সময়ের বয়ান। অপরাধবোধ সবাইকে একসময় দাঁড় করিয়ে দেয় সময়ের আয়নার সামনে।
নাটকে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সাইফ সুমন, ফরিদা লিমা, যাজ্ঞোসীনি মৌ।
মঞ্চ পরিকল্পনায় ছিলেন সাকিল সিদ্ধার্থ, আলো পরিকল্পনায় অম্লান বিশ্বাস, আবহ সংগীত পরিকল্পনায় রামিজ রাজু, পোশাক পরিকল্পনায় ফরিদা লিমা।
এছাড়া দৃশ্যশিল্প ও পোস্টার পরিকল্পনায় শাহীনুর রহমান, আলোক নিয়ন্ত্রণে অনীক রহমান, শব্দ নিয়ন্ত্রণে আবীর সায়েম এবং রূপসজ্জায় রয়েছেন জনি সেন।
এ ছাড়া মিলনায়তন ব্যবস্থাপনায় পিয়ার মোহাম্মদ, মঞ্চ ব্যবস্থাপনায় এস আর সম্পদ, সহকারী মঞ্চ ব্যবস্থাপনায় মাজেদুল মিঠু এবং নাটকটির প্রযোজনা করেছেন অধিকর্তা প্রশান্ত হালদার।
