২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠের' পুরস্কার পেলেন বিজয়ীরা

প্রত্যেককে পাঁচ হাজার টাকার বই ও নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 06:56 PM

Updated : 24 Jun 2023, 04:31 PM

মাস সাতেক আগে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’ নামে যে কর্মসূচি শুরু করেছিল মুক্তিযুদ্ধ জাদুঘর, তার পুরস্কার পেলেন নির্বাচিত পাঠকরা।

শুক্রবার ‍মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হয় বলে জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সেখানে বলা হয়, মঙ্গলদীপ ফাউন্ডেশনের সহায়তায় তিন মাসব্যাপী বইপাঠ কর্মসূচির শুরু হয় গত নভেম্বরে। এতে অংশ নেওয়া ৪২টি পাঠাগারকে তিনটি বইয়ের পাঁচটি করে সেট দেওয়া হয়।

বই তিনটি হচ্ছে- স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মুহাম্মদ জাফর ইকবাল রচিত ‘আমার বন্ধু রাশেদ’, কলেজ পর্যায়ে আলী যাকেরের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘সেই অরুণোদয় থেকে’ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ‘একাত্তর: করতলে ছিন্নমাথা’।

৩৭টি পাঠাগার ২৪৮টি পাঠ-প্রতিক্রিয়া জমা দেয়, যার স্কুল পর্যায়ের সংখ্যা ১১৫টি, কলেজ পর্যায়ে ৬২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৭১টি।

পরে প্রতি বিভাগে সেরা দশজনকে নির্বাচিত করা হয়। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকার বই ও নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেক পাঠককে দেওয়া হয়েছে সনদ।

পুরনো খবর:

‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ শুরু

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর, ডা. সারওয়ার আলী, মফিদুল হক, সারা যাকের, জুরি বোর্ডের সদস্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, আলী যাকেরকন্যা শ্রিয়া সর্বজয়া, গ্রন্থপাঠ উদ্যোগের সমন্বয়ক মোহাম্মদ শাহ নেওয়াজ।