২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁধনের ‘খুফিয়া’র’ দ্বিতীয় ঝলক, সিনেমার অপেক্ষা আরও কিছুদিন

গ্লিটজকে বাঁধন বললেন, কখন দেখা যাবে খুফিয়া।

বাঁধনের ‘খুফিয়া’র’ দ্বিতীয় ঝলক, সিনেমার অপেক্ষা আরও কিছুদিন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2022, 12:57 PM

Updated : 25 Sep 2022, 12:57 PM

খুফিয়ার দ্বিতীয় টিজার প্রকাশের পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানালেন, সিনেমাটি দেখতে দর্শকদের অপেক্ষায় থাকতে হবে আরও। 

গত অগাস্টে খুফিয়ার প্রথম টিজারে বাঁধনের ঝলক দেখা গিয়েছিল। শনিবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের অফিসিয়াল পেইজে ১ মিনিট ২৪ সেকেন্ডের দ্বিতীয় টিজারটি প্রকাশিত হয়। 

এর বড় অংশ জুড়ে আছেন বাঁধন। এবার দেখা যায় বলিউড অভিনেত্রী টাবু রহস্যময় এক চরিত্রের বর্ণনা দিচ্ছেন। যে চরিত্রের কেন্দ্রে রয়েছেন বাঁধন। 

Image

খুফিয়ার টিজারে বাঁধনঝলক

টিজার প্রকাশের পর সিনেমা মুক্তির দিনক্ষণ নিয়ে গ্লিটজকে বাঁধন বলেন, “এ বছরে নয়, আগামী বছর আসবে খুফিয়া।” 

খুফিয়া সিনেমায় বাঁধন অভিনয় করেছেন ‘অক্টোপাস’ চরিত্রে। টিজারে টাবুর বর্ণনায় শোনা যায়, “ও যখন হাঁচি দিত, একসঙ্গে তিনটা দিত। ওর গলার হাড়ে যে গর্ত আছে, সেখানে সুন্দর একটা তিলও ছিল। এমন তিলের মত আরেকজনের উপস্থিতি ছিল আমাদের জীবনে।“

প্রথম টিজার প্রকাশের পর ঢাকা তো বটেই, কলকাতা ও মুম্বাইয়েও প্রশংসিত হন বাঁধন। 

গ্লিটজকে তিনি বলেন, “মুম্বাইয়ের লোকজনের সাথে খুব বেশি পরিচয় নেই আমার। তারপরও যারা আমাকে চেনেন, খুবই প্রশংসা করেছেন। কলকাতা থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি।

“আর টাবু বলেছেন, ‘টিজারের সেরা শটটা তোমার’।” 

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য খ্যাতি পাওয়া বাঁধন ভারতীয় সিনেমায় পা রাখছেন বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে।

পুরনো খবর:

খুফিয়া: নেটফ্লিক্সে বাঁধনের এক ঝলক
বলিউডের সিনেমায় বাঁধন

অমর ভূষণের উপন্যাস ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে স্পাই থ্রিলারধর্মী সিনেমাটি বিশাল ভরদ্বাজ নির্মাণ করেছেন নেটফ্লিক্সের জন্য। 

সিনেমার মূল চরিত্র ভারতীয় গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা কৃষ্ণা মেহরাকে (টাবু) নিয়ে। তার পাশাপাশি দেখা যাবে বাঁধন, আলি ফজল, ওয়ামিকা গাব্বি, আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের।

কানের লাল গালিচায় হেঁটে আসা বাঁধন সম্প্রতি কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।