‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা আনবেন ওয়েব সিরিজ
ইউটিউবে ১৮ দিনে কোটি বার দেখা হয়েছে ‘ব্যাচেলরস ফুটবল’।
আলোচিত, সমালোচিত এবং এক অংশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা কাজল আরেফিন অমি এবার ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নির্মিত ‘ব্যাচেলরস ফুটবল’ নাটকটির ১৮ দিনে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ উপলক্ষে ভক্তদের এ কথা জানান তিনি।
শুক্রবার নিজের ফেইসবুক আইডিতে ব্যাচেলর পয়েন্টের সাফল্য তুলে ধরে তিনি লেখেন, “ধন্যবাদ দর্শকদের! ব্যাচেলরস ফুটবল মাত্র ১৮ দিনে এক কোটি মানুষ দেখেছে, আপনাদের দর্শন আমাদের অনুপ্রাণিত করে।”
“ব্যাচেলরস ফুটবল নাটকটি ইউটিউবে রিলিজের পূর্বেই টিভি থেকে অসৎ উপায়ে ইউটিউবে চলে আসায় অনেকে দেখে ফেলেন, কিন্তু তারপরেও এত দর্শক যে আমাদের নাটকটি দেখবেন, আমরা কল্পনাও করতে পারিনি। ধন্যবাদ আপনাদের।”
সেই সঙ্গে তার নির্মাণে আরও যে সব নাটক কোটি ভিউ অতিক্রম করেছে তার হিসাব দেন। যাতে দাবি করা হয়, তার ‘ব্যাচেলরস কুরবানি’ নাটকটি চার দিনে এক কোটি, ‘গুড বাজ’ ছয় দিনে এক কোটি, ‘ব্যাচেলরস রমজান’ ছয় দিনে এক কোটি, ‘ফিমেল’ দুই থেকে আট দিনে এক কোটি, ‘ব্যাচেলরস ফুটবল’ ১৮ দিনে এক কোটি এবং ‘ব্যাড বাজ’ ২৮ দিনে এক কোটি বার দেখা হয়।
এরপর দর্শকদের উদ্দেশে অমি লেখেন, “আপনাদেরকে ওয়েব সিরিজ উপহার দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। পাশে থাকবেন এভাবেই।”
ওয়েব সিরিজের বিষয়ে বিস্তারিত জানতে অমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
২০১৮ সালে একটি বেসরকারি চ্যানেলের ‘ব্যাচেলরস পয়েন্ট’ প্রচার শুরু হয়। দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি। মূলত ঢাকা শহরে কয়েকজন ব্যাচলের একত্রে জীবন যাপন ও তাদের নিজ নিজ জেলার আঞ্চলিক ভাষার সংলাপ তরুণ দর্শকদের আকৃষ্ট করে।
বর্তমানে একটি ইউটিউব চ্যানেলে নাটকটির চতুর্থ সিজন প্রচারিত হচ্ছে। তারকাবহুল নাটকটিতে মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, এফএস নাঈম, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী প্রমুখ অভিনয় করেছেন।
চলতি বছরে সিজন-৪ এর প্রচারিত কয়েকটি পর্বে ‘আপত্তিকর ও অশ্লীল’ সংলাপের দরুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দেয়। যে কারণে নাটকের কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।
