ধর্মঘটের মধ্যে শো চালুর ঘোষণা দিয়ে ক্ষমা চাইলেন ব্যারিমোর
দ্য ড্রু ব্যারিমোর শো আবার ফিরে আসবে বলে জানিয়েছেন তিনি।
হলিউডে দীর্ঘদিন ধরে চলমান লেখক ও অভিনয়শিল্পীদের ধর্মঘটের মধ্যেই ফের টিভি শো চালুর চেষ্টায় নেমে ব্যাপক সমালোচনার মুখে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন মার্কিন অভিনেত্রী, প্রযোজক ও টিভি শো আয়োজক ড্রু ব্যারিমোর।
ইনস্টগ্রামে শুক্রবার এক ভিডিও পোস্ট করেন ব্যারিমোর; সেখানে অশ্রুসিক্ত হয়ে হলিউড লেখকদের কাছে তার শো শুরুর সিদ্ধান্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
এক ঘোষণায় তিনি বলেছিলেন, দ্য ড্রু ব্যারিমোর শো আবার ফিরে আসবে। কিন্তু এতে তাৎক্ষণিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। ওই শো প্রযোজনার প্রথম দিনই সিবিএস স্টুডিওতে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। দর্শকদেরও সেখান থেকে বের করে দেওয়া হয়।
ব্যারিমোর বলেন, “এই পরিস্থিতি ঠিক করার জন্য এই মুহূর্তে আমি কিছুই করতে বা বলতে পারি না বলেই মনে করি। আমি একটি সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। এই ঘটনায় সম্পূর্ণ দায় আমি নেব…। আমি লেখকদের কাছে গভীর ক্ষমাপ্রার্থী। হলিউডের সংগঠনগুলোর কাছেও আমি গভীর ক্ষমাপ্রার্থী।”
১৯৬০ সালের পর প্রথমবারের মতো একযোগে ধর্মঘটে গেছেন হলিউডে লেখক ও অভিনেতারা। ভালো পারিশ্রমিক, কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র ব্যবহার বন্ধসহ বেশ কিছু দাবিতে তারা কয়েক মাস ধরে এই ধর্মঘট পালন করছেন। ফলে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক অনুষ্ঠানগুলো থেমে আছে। আটকে গেছে বিভিন্ন সিনেমার কাজও। সংবাদ সূত্র: দ্য গার্ডিয়ান
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
