তিন দেশের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূকাভিনয় উৎসব
চতুর্থবারের মত এই উৎসব আয়োজন করেছে ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’।
ইরান, তুরস্ক ও ভারতের কয়েকটি মূকাভিনয় সংগঠনের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের শুরু হয়েছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
‘মূকাভিনয় আমাদের সর্বজনীন ভাষা’ শিরোনামে এ উৎসবের আয়োজন করেছে ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’ (ডুমা)।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে থাকবে উৎসবের মূল আয়োজন। এ ছাড়া শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ ক্যাম্পাসজুড়ে থাকবে পথ-শো।
তিনদিনের আয়োজনে কর্মশালা, সেমিনার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পোস্টার প্রদর্শনী হবে। টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ ও ৫০ টাকা।
তুরস্ক, ইরান ও ভারতের দুটি দল ছাড়াও এত অংশ নেবে বাংলাদেশি দল থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ, সাইলেন্ট থিয়েটার, শ্রুতি মাইম অ্যান্ড থিয়েটার, গোল্লাছুট নাট্যদল, প্যান্টোমাইম মুভমেন্ট, দ্য মামার্স, নাট্যভূমি, মনন মাইম থিয়েটার, জলছবি মাইম থিয়েটার, মাইম আর্ট (ঢাকা), রংপুর পদাতিক, মিরর মাইম থিয়েটার, ঢাকা মাইম থিয়েটার, মাইম ফেস, থিয়েটার মুভমেন্ট ও নাট্যতরী।
ডুমার সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম জানান, উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরীন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমাদ কামরুজ্জামান মজুমদার, ঢাবি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। ঢাবি যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহান, অধ্যাপক ড. হাকিম আরিফ এবং বাংলা কেমিক্যালের সিইও এম এস সিদ্দিকীও উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডুমার সভাপতি শাহ পরাণ শুভ্র, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম।
সমাপনী দিন রোববার রাত ১০টায় অংশগ্রহণকারী দল এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
