অমিতাভরা এভারেস্ট চূড়ায় পৌঁছাতে পারবেন?
বন্ধুত্বের গল্পের সিনেমা উঁচাই মুক্তি পাবে চলতি বছরের ১১ নভেম্বর।
বন্ধুত্বে শুধু মজা আর ভালোবাসাই থাকে না, থাকে বন্ধুত্ব রক্ষার দায়ও। সেই দায় কখনও কখনও বদলে দেয় জীবন। চার বন্ধুর এমনই সম্পর্কের গল্প নিয়ে নির্মিত সিনেমা উঁচাই এর ট্রেইলার প্রকাশ পেয়েছে।
যেখানে দেখা যাবে আশির ঘরে বয়সেও বন্ধুদের নিয়ে পাহাড় বাইছেন অমিতাভ বচ্চন, আর ঘটছে ভয়াবহ সব ঘটনা।
এনডিডিভি জানিয়েছে ইউটিউবে মঙ্গলবার ট্রেইলারটি প্রকাশিত হয়। নির্মাতা সুরুজ বরজাতিয়া এ সিনেমায় অমিতাভের সঙ্গে অনুপম খের, বোমান ইরানি, ড্যানিজংপা, নীনা গুপ্তা, সারিকার মত অভিজ্ঞ অভিনয় শিল্পীদের এনেছেন এক ছাদের নিচে।
২ মিনিট ৫০ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে বিগ বি, অনুপম খের এবং বোমান ইরানি-এই তিন মূর্তির নানা কাণ্ডে চোখ আটকে যায়, পাওয়া যায় গল্পের আভাসও। ট্রেইলারে তিনজনের আরেক বন্ধু ড্যানিজংপা আছেন ভূপেন চরিত্রে।
দিল্লির বাসিন্দা চার বন্ধু জীবনে প্রতিষ্ঠিত। চারজন একসঙ্গে হওয়া মানেটি নাচে-গানে-পানে-সেলফিতে পার্টি হতেই হবে, হয়ও। ভূপেনের ইচ্ছা বন্ধুদের নিয়ে এভারেস্টে চড়ার। কারণ সে পাহাড়ের মানুষ, সেখানেই তার ছেলেবেলা কেটেছে।
কিন্তু সেই ইচ্ছে এক কথায় উড়িয়ে দেন অমিতাভ, তাই ভেস্তে যায় ভূপেনের পরিকল্পনা।
আচমকাই ভূপেনের মৃত্যুতে বদলে যায় সবকিছু। অমিতভ সিদ্ধান্ত নেন, ভূপেনের ইচ্ছাকে সম্মান জানাতে তিনি এভারেস্টে যাবেন এবং সেখানেই তার ভষ্ম বিসর্জন দেবেন। অমিতাভেরর এই ইচ্ছার কাছে নিজেদের সমর্পণ করেন বাকি দুই বন্ধুও।
কিন্তু চাইলেই তো আর পাহাড় আওয়া যায় না। সেই অভিযানের জন্য দরকার প্রস্তুতি। দৌড়, ব্যায়ামাগারে নানা ধরনের শারীরিক কসরতে তাদের তৈরি করেন অভিযানের নেতা পরিণীতা চোপড়া।
এই সফরে সঙ্গী হন নীনা গুপ্তা এবং সারিকাও। শুরু হয় তাদের পর্বত অভিযান।
নানা দুর্যোগে পড়তে দেখা যায় দলটিকে। কখনও বরফ ঝড়ে তারা একে অন্যের কাছ থেকে ছিটকে গেছেন, কখনও বা পা হড়কে অনেকটা নিচে পড়ে গেছেন, আবার কখনও অক্সিজেনের অভাবে নাকে অক্সিজেন মাস্ক নিতে হয়েছে বিগ বিকে। তবু সংকল্প: পাহাড় জয় করতেই হবে।
ভূপেনের জন্য হাতে হাত ধরে চূড়ার পথে একটু একটু করে এগিয়ে যান বন্ধুরা। শেষমেশ প্রাণ নিয়ে চূড়ায় তারা পৌঁছুবেন কি না তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তির জন্য।
অমিতাভ এর আগে সিনেমার পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “এই বিশেষ সমারোহের অংশ হতে পেরে আমি গর্বিত, আমরা আসছি। আগামী ১১ নভেম্ববর উঁচাইয়ের জন্য পথ তৈরি করুন।”
