২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ‘সৌদি আইডল’

ডিসেম্বরে বসছে সৌদি আইডলের প্রথম আসর, প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হবে অক্টোবর থেকেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 06:32 PM

Updated : 26 Sep 2022, 06:33 PM

গানের আন্তর্জাতিক রিয়েলিটি শো ‘আইডল’র এর সৌদি সংস্করণ ‘সৌদি আইডল’ শুরু হতে যাচ্ছে।

আরব নিউজ জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরে সৌদি আরবে এই রিয়েলিটি শো শুরুর ঘোষণা দিয়েছেন আয়োজকরা।

দেশটির সরকারি বিনোদন কর্তৃপক্ষ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) এবং মিডিয়া গ্রুপ এমবিসির যৌথ উদ্যোগে এই সংগীত প্রতিযোগিতার আয়োজন করবে। জিইএ’র চেয়ারম্যান তুর্কি আল-শেখ এ বিষয়ে একটি টু্ইটও করেছেন।

আরব নিউজ লিখেছে, প্রতিযোগিতায় বিচারক থাকবেন সৌদি সংগীতশিল্পী আসিল আবু বকর, আমিরাতের শিল্পী আহলাম, আরব শিল্পী আসালা এবং ইরাকি-সৌদি সংগীত শিল্পী ও সুরকার মাজেদ আল মোহান্দিস।

প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হবে অক্টোবর থেকেই। এমবিসি এক টুইটে আগ্রহী প্রতিযোগীদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে।

এক পোস্টে তারা বলেছে, “আপনি কি গান গাইতে চান? আপনার কণ্ঠ কি সুরেলা? আপনি কি প্রতিযোগিতায় আগ্রহী এবং প্রচার এবং খ্যাতির জগতে প্রবেশ করতে ইচ্ছুক? তাহলে সুযোগ না হারিয়ে সবচেয়ে বড় এ সংগীত আয়োজনে অংশ নিন। এখনই নিবন্ধন করে ফেলুন।“