Published : 14 May 2023, 05:03 PM
দীর্ঘ সময়ের প্রেমপর্ব সেরে শনিবার দিল্লির কাপুরতলা হাউসে সন্ধ্যায় রাজকীয় কায়দার অনুষ্ঠানে একে অপরের সঙ্গে আংটি বদল করেন পরিণীতি ও রাঘব। অনুষ্ঠানের থিমের নাম ছিল ‘বলিউড’।
পাঞ্জাবি পরিবারের ছেলে রাঘবের ইচ্ছে ছিল শিখদের নিয়ম মেনে সব অনুষ্ঠান করার। সেইমত শিখদের ‘রোকা’ অনুষ্ঠান দিয়ে বাগদানের ‘আচার’ শুরু হয়। প্রথমে হয় ‘শিখ প্রার্থনা’, তারপর ‘সুখমনি’ পাঠ করা হয়। এরপরে পরিণীতি-রাঘব আংটি বদল করেন। ছিল ভজন গানের আয়োজন এবং নানা পদের খাবারে নৈশভোজ।
ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে রাঘব বলেছেন, “এই সবকিছুর জন্যেই আমি প্রার্থনা করেছি, আর তিনি হ্যাঁ বলেছেন। লন্ডনে ‘স্কুল অব ইকোনমিকসে’ রাঘব যখন পড়তেন, তখন থেকে পরিণীতি ও রাঘবের প্রেমের শুরু। পরিণীতি পড়েছেন ইংল্যান্ডের মানচেস্টার বিজনেস স্কুলে। তবে ঠিক কবে থেকে একে অন্যেকে তারা প্রেমিক-প্রেমিকা’ হিসেবে আবিষ্কার করেন, তা দুজনের কেউই মনে করে টাইমস অব ইন্ডিয়াকে জানাতে পারেননি। কয়েক মাস ধরে কখনও রেস্তোরাঁ, কখনও বিমানবন্দরে, আবার কখনবো ক্রিকেট ম্যাচে এই জুটিকে একসঙ্গে ঘনঘন দেখা গেছে।
অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিণীতির চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। গিয়েছিলেন সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। রাজনীতির মানুষদের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও ছিলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে, কংগ্রেস নেতা পি চিদম্বরম, কপিল সিব্বল, তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেব ও’ব্রায়েন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানের মতো রাজনীতিকরাও।
বাগদানে এই জুটি পরেছিলেন ‘আইভরি’ ও কিছুটা ‘সাদা’ রংয়ের পোশাক। একঝাঁক পোশাকশিল্পী মিলে পরিণীতির লেহেঙ্গার ডিজাইন করেছেন। আর ডিজাইনার পবন সচদেবার ডিজাইনে রাঘব পরেছিলেন হালকা কাজের আচকান। চলতি বছরে অক্টোবের মালা বদল করতে পারেন এই জুটি।
যশরাজ ফিল্মসে মার্কেটিংয়ের কাজ করতে করতে ২০১১ সালে সিনেমার পর্দায় অভিষেক পরিণীতির। তবে ব্যতিক্রমী চরিত্রে আগ্রহ বেশি দেখা গেছে এই অভিনেত্রীর। ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘সাইনা’, ‘কোড নেম: তিরঙ্গা’ মত সিনেমাগুলো ভালোই প্রশংসিত হয়। আগামীতে এই অভিনেত্রীকে অ্যাকশন সিনেমায় পাওয়া যাবে।
আম আদমি পার্টির নেতা ৩৩ বছর বয়সী রাঘব চাড্ডার রাজনীতিতে আসা ২০১১ সালে। সে সময় সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের সময় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর নানা ধাপ উৎরে ২০২০ সালে আগে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভার সদস্য ছিলেন রাঘব। ২০২২ সালে দিল্লির বিধায়ক রাঘব চাড্ডাকে পাঞ্জাব রাজ্যসভার সদস্যপদের জন্য মনোনীত করা হয়। ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।