২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিলবার্গের ‘ফেবলম্যানস’র টরন্টো জয়

এই পুরস্কার ফেবলসম্যানসের অস্কার জয়ে সম্ভাবনাও তৈরি করল।

স্পিলবার্গের ‘ফেবলম্যানস’র টরন্টো জয়

ফেবলসম্যানসের একটি দৃশ্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 11:07 PM

Updated : 19 Sep 2022, 11:09 PM

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ দি ফেবলম্যানস’।

 সোমবার বিবিসি জানায়, নিজের শৈশবকে কেন্দ্র করে রচিত কাহিনী নিয়ে নির্মিত সিনেমাটি ১১ দিনের এই চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া দর্শকদের ভোটে সেরা সিনেমার মুকুট জয় করে।

এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয়ী সিনেমাগুলোই ধারাবাহিকভাবে পরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরগুলোতে সেরা সিনেমার অস্কারের জন্য মনোনয়ন পেয়ে আসছে। অবশ্য দু-একটি ব্যতিক্রমও আছে।

টরন্টো উৎসবের সাম্প্রতিক আসরগুলোতে দর্শক ভোটে সেরা সিনেমার পুরস্কার পাওয়া চলচ্চিত্রগুলো অন্তত একটি অস্কার জিতেছে।

গত সপ্তাহান্তে এই চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘ফেবলম্যানস’র, যার গল্প স্যামি নামের একটি বালককে ঘিরে আবর্তিত।

Image
মার্কিন চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ

স্পিলবার্গের মা-বাবার মতো স্যামির মা-বাবাও আলাদা হয়ে যাচ্ছিলেন এবং অল্প বয়সের ছেলেটি এই বাস্তবতা থেকে পালানোর পথ হিসেবে সিনেমা নির্মাণ নিয়ে দারুণ আগ্রহী হয়ে ওঠে।

 পর্দায় স্যামির চরিত্রে অভিনয় করেছে তুলনামূলক নবাগত গ্যাব্রিয়েল লাবেলে, তার বাবা ও মায়ের চরিত্রে দেখা গেছে পল ড্যানো ও মিশেল উইলিয়ামসকে।

উইলিয়ামসের নাম এরই মধ্যে ২০২৩ সালের অস্কারের মনোনয়নের জন্য উচ্চারিত হতে শুরু করেছে।

চলচ্চিত্র উৎসবে দর্শক ভোটে সেরা সিনেমার পুরস্কার জয়ের পর এক বিবৃতিতে স্পিলবার্গ বলেন, “আমার নির্মাণ করা সবচেয়ে ব্যক্তিগত সিনেমা এটা। টিআইএফএফ-এ আমার প্রথমবারের অংশগ্রহণ টরোন্টোতে সবার উষ্ণ আতিথেয়তায় স্মরণীয় হয়ে থাকবে ব্যক্তিভাবে আমার কাছে এবং আমার পুরো ফেবলম্যান পরিবারের জন্য।”