গোলাম কুদ্দুছের গান-কবিতায় বহ্নিশিখার প্রতিষ্ঠাবার্ষিকী
অনুষ্ঠানে বহ্নিশিখার তরুণ শিল্পীরা পরিবেশন করেন গোলাম কুদ্দুছ রচিত ১৩টি গান ও কবিতা।
সাংস্কৃতিক সংগঠক ও গবেষক হিসেবে পরিচিত হলেও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছকে এবার পাওয়া গেল গীতিকবি হিসেবে।
তার লেখা গান ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংগঠন 'বহ্নিশিখা' উদযাপন করল প্রতিষ্ঠার সপ্তদশ বার্ষিকী।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে কথা, গান, কবিতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বহ্নিশিখা। এ আয়োজনের দ্বিতীয় পর্বে বহ্নিশিখার তরুণ শিল্পীরা পরিবেশন করেন গোলাম কুদ্দুছ রচিত ১৩টি গান ও কবিতা।
বিশেষ এ আয়োজনের শিরোনাম ছিল 'সোনাঝরা সেই দিনের কথা'। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন আবিদা রহমান সেতু।
গোলাম কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার লেখা গান ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে বহ্নিশিখা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে, এটা আমার জন্য বিশেষ ভালো লাগার।"
অনুষ্ঠানে পরিবেশিত গান ও কবিতার মধ্যে ছিল 'ভালোবাসি ভালোবাসা' (কবিতা- দ্বৈত), জন্মভূমির ধূলো গায়ে মেখে (গান- দলীয়), সোনাঝরা সেই দিনের কথা (গান- একক), আয় ছুটে আয় রে (গান- দলীয়), ও আকাশ তুমি আর কেঁদো নাকো (গান- দলীয়), মন যারে চায় বন্ধুরে (গান- একক), এবার বিদায় হও (কবিতা- দ্বৈত), বিপন্ন সময়ের মুখোমুখি (গান- দলীয়), প্রাণসখা কোন ঘাটে ভিড়াইবা তোমার নাও (গান- দ্বৈত), এ মাটির কাছে চেয়েছি আমি (কবিতা- একক), ভালোবাসি ভালোবাসিয়া রে (গান- একক), ইতিহাসের পাতা জুড়ে (গান- দলীয়), বঙ্গবন্ধু আছে সবার হৃদয়ে (গান- দলীয়)।
গানে কণ্ঠ দেন আবিদা রহমান সেতু, উর্মি হালদার, সাহিদা রহমান সুরভী, আসিফ ইকবাল সৌরভ, সুন্যায়না সিদ্দিকী, গীতা পালমা, ঝর্ণা বিশ্বাস, জাহিদুল ইসলাম মুরাদ, যুথী দেবী সূত্রধর, জিনিয়া জাফরিন, নির্ঝর দাশ গল্প, আম্মান ইসলাম আবিস্কার।
আবৃত্তিতে অংশগ্রহণ করেন মাহফুজা আক্তার মিরা ও তারেক আলী মিলন। কি- বোর্ডে ছিলেন ডালিম কুমার বড়ুয়া ও তবলায় তুলসী সাহা।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহ্কাম উল্লাহ্ এবং বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট অতিথি হয়ে এসেছিলেন অনুষ্ঠানে।
বহ্নিশিখার সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক আবিদা রহমান সেতু।
