যৌবন ধরে রাখতে অস্ত্রোপচার? কখনোই না, উত্তর রাধিকার
রাধিকার মতে, বয়স এমন এক বাস্তবতা, যা অস্বীকার করার উপায় নেই।
গায়ের রঙ কিংবা গড়ন, দুই নিয়ে অনেক গঞ্জনা সয়েই নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন রাধিকা আপ্তে, আর সেজন্য নিজের মেধার উপর ভরসা রেখে চলেছেন এই অভিনেত্রী।
বয়স কম দেখাতে অনেক অভিনেত্রী নিজেকে সঁপেছেন চিকিৎসকের কাঁচির নিচে, তবে ৩৭ বছর বয়সী রাধিকার তাতেও রয়েছে ঘোর আপত্তি। বয়স তার স্বাভাবিক নিয়মে বাড়বে, তা মেনে না নেওয়াটা বোকামি বলে মনে করছেন তিনি।
স্পষ্টভাষী বলে পরিচিত রাধিকা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, যৌবন চিরকাল ধরে রাখার চেষ্টাটাকে একটা ‘ফাঁদ’ হিসেবেই দেখেন তিনি।
“আমার কথাগুলো চাঞ্চল্যকর মনে হতেই পারে, যেহেতু আজকাল ইন্ডিাস্ট্রির অনেক কিছু দর্শকদের কথা মাথায় রেখে সাজানো হয়। তবে বুড়িয়ে যাওয়ার ভীতিকে বরাবরই আমার কাছে ফাঁদ মনে হয়েছে। কম বয়সী দেখানোর জন্য তাই কখনোই অস্ত্রোপচার করার কথা ভাবিনি।”
চেহারার কারণে বা তরুণ অভিনেত্রীদের জন্য কখনও সিনেমার চরিত্র হারাতে হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এসবের কোনো ভিত্তি নেই। বয়স এমন এক বাস্তবতা, যা অস্বীকার করার উপায় নেই। এটাও সত্য যে দর্শক বাণিজ্যিক সিনেমাগুলোতে তরুণ অভিনেত্রী চায়।
“অগণিত অভিনেতা-অভিনেত্রীরা অস্ত্রোপচার করছে আজকাল। নিজেদের তরুণ ভাবমূর্তি ধরে রাখতেই এমনটা করছে সকলে, কেবল ইন্ডিয়াতেই নয়, পুরো বিশ্বেই এমনটা ঘটছে। যদিও এটির বিরুদ্ধে এখন অনেক নারীরাই লড়াই করছেন।”
বিনোদন শিল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, সময়ের সঙ্গে অনেক কিছুই বদলাচ্ছে। কারণ ব্র্যান্ডগুলো সব বয়সের, সব গড়নের নারী-পুরুষদের মাথায় রেখে কাজ করছে এখন।
‘আন্ধাধুন’ অভিনেত্রী রাধিকাকে এখন সিনেমা কিংবা ওয়েব সিরিজ দুই মাধ্যমেই ব্যস্ত। তার সিনেমাগুলোর মধ্যে আসছে ‘মনিকা, ও মাই ডার্লিং’, এতে রাজকুমার রাও এবং হুমা কুরেশির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।
