২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মহানায়কের স্থান নিতে পারেনি কেউ’

বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা অভিনেতা বলে বিবেচিত উত্তম কুমারের শুরুটা হয়েছিল ‘ফ্লপ মাস্টার’ তকমা নিয়ে।

‘মহানায়কের স্থান নিতে পারেনি কেউ’

উত্তম কুমারের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 07:46 PM

Updated : 04 Sep 2022, 07:46 PM

উত্তম কুমার প্রয়াত হয়েছেন চার দশক হল, তারপর কত নায়ক এসেছেন-গেছেন, কিন্তু ভারতের বাংলা চলচ্চিত্রে তার স্থান নিতে পারেননি কেউ। আর এই মহানায়কের স্থান পূরণ সম্ভব না বলেই মনে করেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।

মহানায়কের জন্মদিন উপলক্ষে কলকাতার সংবাদ মাধ্যমকে সাবিত্রী বলেন, “মহানায়কের জায়গা এখনও কেউ নিতে পারেনি।”

বেঁচে থাকলে শনিবার ৯৬ বছর পূর্ণ হত উত্তম কুমারের। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া অরুণ কুমার পরে পর্দায় উত্তম কুমার হয়ে এসে বাঙালির হৃদয়ের মনিকোঠায় স্থান করে নেন।

ভারতীয় বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী ১৯৫১ সালে উত্তম কুমার অভিনীত ‘সহযাত্রী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।

পর্দার বাইরে তাদের সম্পর্ক নিয়ে এখনও আলোচনা চলে। অনেকেই মনে করেন, উত্তম কুমারের জন্যই বিয়ে করেননি সাবিত্রী। প্রেমের সম্পর্ক কী ছিল- প্রশ্নে সাবিত্রীর উত্তর আসে, “তা ছিল খানিকটা। তবে রটনাটা বেশি, আসলটা কম ছিল।”

“দেখুন, আমি কখনও চাইনি সে তার সংসার ছেড়ে চলে আসুক। আমার কপালে যদি এখন বিবাহিত পুরুষই জোটে, তাহলে আমি কী করব? ভালোবাসব না? কিন্তু আমি কারও ঘর ভাঙব না। যার জন্য আমার নিজের ঘর হয়নি,” বলেন তিনি।

Image

সাবিত্রী চট্টোপাধ্যায়

উত্তমের সঙ্গে সুচিত্রা সেনের জুটি ছিল সবচেয়ে আলোচিত, সুপ্রিয়ার সঙ্গে জুটি নিয়েও আলোচনার কমতি নেই। শেষ দিকে উত্তমের সঙ্গে সাবিত্রীর জুটি জনপ্রিয় হয়। হাত বাড়ালেই বন্ধু, দুই ভাই, নিশিপদ্ম, মোমের আলো ইত্যাদি সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন।

বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা অভিনেতা বলে বিবেচিত উত্তম কুমারের সিনেমার শুরুটা হয়েছিল ‘ফ্লপ মাস্টার’ তকমা নিয়ে। তার ক্যারিয়ারের প্রথম সাতটি সিনেমাই ছিল বক্স অফিসে ফ্লপ। টানা অনেকগুলো সিনেমা মুখ থুবড়ে পড়ার পরই এই নক্ষত্র আলো ছড়াতে শুরু করে।

১৯৪৭ সালে ‘মায়াডোর’ সিনেমায় অতিরিক্ত শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় উত্তমের। পাঁচ দিন কাজ করার সুযোগ হল্ওে শেষ পর্যন্ত মুক্তি পায়নি চলচ্চিত্রটি। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা দৃষ্টিদান। ১৯৪৮ সালে নীতাই বসু পরিচালিত এই সিনেমাতেও কাজ করেছেন নামমাত্র চরিত্রে। এরপর কালী প্রসাদ ঘোষ পরিচালিত ‘কার পাপে’ চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেন তিনি।

নায়ক হিসেবে উত্তম কুমারের প্রথম সিনেমা ‘কামনা’। এই সিনেমায় প্রথম পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে; যদিও মুক্তির পরই সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। তবে হাল ছাড়েননি উত্তম। ১৯৫০ সালে ছবি দেবীর বিপরীতে মর্যাদা সিনেমাও ফ্লপ।

তখনও অরুণ কুমার নামেই সংগ্রাম করছিলেন তিনি, ১৯৫১ সালে ‘সহযাত্রী’ সিনেমায় প্রথম তিনি উত্তম নামে আসেন। পরের বছরই ভাগ্যের চাকা ঘুরে যায় তার। নির্মল দের পরিচালনায় বসু পরিবার চলচ্চিত্রের মাধ্যমে প্রথম সাফল্য আসে ক্যারিয়ারে। ১৯৫৩ সালে সাড়ে চুয়াত্তর মুক্তি পাওয়ার পরে চলচ্চিত্র জগতে তার টলমল নাসন স্থায়ী হয়ে যায়।

সাড়ে চুয়াত্তরে উত্তম প্রথম সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। আর তাতেই বাংলা সিনেমা পায় সবচেয়ে জনপ্রিয় এবং সফল রোমান্টিক জুটি।

Image

উত্তম কুমার

১৯৫৪ সালে উত্তম কুমার জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন। এক বছরেই অসংখ্য সিনেমায় অভিনয় করেছিলেন, যার অধিকাংশই ছিল সফল। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘অগ্নিপরীক্ষা’। এরপরে আমৃত্যু তিনি বাংলা চলচ্চিত্রে একচ্ছত্রভাবে শাসন করে যান তিনি।

জীবনে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন উত্তম কুমার। অথচ নিজের কাজ নিয়ে এই নায়কের সন্তুষ্টি ছিল না। সবসময়ই নিজেকে ভেঙে গড়ে নিয়েছেন নতুন রূপে। ভুবন ভোলানো হাসি দিয়ে যিনি মাত করছেন সমস্ত দর্শকদের মন।

কিংবদন্তি সত্যজিত রায় তার অধিকাংশ সিনেমা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে করলেও যখন ‘নায়ক’ বানান, তখন উত্তম কুমারের দ্বারস্থই হয়েছিলেন। ‘নায়ক' সিনেমায় উত্তম কুমারের অভিনয়কে ফোর্বস ইন্ডিয়া ভারতের সিনেমায় সর্বকালের শ্রেষ্ঠ ২৫টি ‘পারফরম্যান্স’র তালিকায় রেখেছে।

১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ এবং ‘চিড়িয়াখানা’ সিনেমায় অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান উত্তম। ১৯৮০ সালে ২৪ জুলাই ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমার শুটিংয়ের সময় স্ট্রোক হয় তার। ৫৩ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান মহানায়ক।