২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো ও নতুন ‘চাল’ নিয়ে ফারুকীর রেসিপি

একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করছেন মোস্তফা সরয়ার ফারুকী।

পুরনো ও নতুন ‘চাল’ নিয়ে ফারুকীর রেসিপি

ওমর সানি এবং জিয়াউল হক পলাশকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 09:08 PM

Updated : 31 Aug 2022, 09:51 PM

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি এবং হালের পরিচিত অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশকে নিয়ে একটি বিজ্ঞাপন বানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

দুই প্রজন্মের দুই অভিনেতাকে এক ফ্রেমে হাজির করে বিষয়টাকে ‘পুরান এবং নতুন চাল’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

ফেইসবুকে দুই অভিনেতার মাঝে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এ নির্মাতা লিখেছেন, “আসিতেছে! নগদের লাইসেন্স প্রাপ্তির দিনে নয়া নগদ টিভিসি ফিল্মিং উইথ পুরান এন্ড নতুন চাল।”

ভবিষ্যতে তার পরিচালনায় আরও শিল্পীদের যুক্ত করার ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, “বাদ যাবে না একটি শিশুও!”

নব্বই দশকে চাঁদের আলো, প্রেমগীত, দোলা, কে অপরাধী, কুলি, মুক্তির সংগ্রামসহ অনেক ব্যবসাসফল সিনেমার নায়ক ওমর সানি এখন ব্যবসাতেই মনোযোগী। তিনি এই প্রথম ফারুকীর নির্দেশনায় কাজ করলেন। আর তাদের সঙ্গে যুক্ত হলেন ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা জিয়াউল হক পলাশ।

ফারুকীর সঙ্গে কাজের অনুভূতি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন ওমর সানীও। ক্যাপশনে এ নায়ক লিখেছেন,“মোস্তফা সরয়ার ফারুকী ওয়াও, এক কথায় অসাধারণ। এই প্রথম তার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলাম। আমার সঙ্গে কো-আর্টিস্ট ছিলেন পলাশ (কাবিলা)।

“কাজ করে তৃপ্তি পেয়েছি, ইনশাল্লাহ আরও কাজ করব। ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকীর টিম ছবিয়ালকে।”

ওমর সানি সোনার চর নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। এতে তার সঙ্গে আছেন স্ত্রী মৌসুমী ও জায়েদ খান। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটি মুক্তির প্রহর গুণছে।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত ব্যস্ত ‘শনিবার বিকেল’ সিনেমাটির মুক্তি নিয়ে। তিন বছরের বেশি সময় ধরে সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করছেন তিনি। ছবিটি আটকে আছে চলচ্চিত্র সেন্সরবোর্ডে।