০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

এআই নিয়ন্ত্রণ করা জরুরি, আমি বিরক্ত: সালমান

“যারা ভুয়া ভিডিও তৈরি করেন, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 09:10 PM

Updated : 29 Sep 2026, 09:10 PM

মুম্বাইয়ে রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-র সাপ্তাহান্তিক পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডি তারকা সালমন খান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গেল সপ্তাহে পাপারাজ্জিদের একাংশের আচরণ, অন্যের চেহারা নিয়ে কটাক্ষ এবং সমালোচনার প্রবণতা প্রসঙ্গে সরব হয়েছিলেন অভিনেতা। আর এই সপ্তাহে তার আলোচনার বিষয় হয়ে উঠল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান অপব্যবহার।

এআইয়ের সাহায্যে ভিডিও ও ছবি তৈরি ঠেকাতে কঠোর আইন এর প্রয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সালমান বলেন, এআই বা প্রযুক্তি ব্যবহার করে কারও কণ্ঠস্বর নকল করা এবং বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা সম্ভব, যা অহরহ হচ্ছে।

অভিনেতার কথায়, “আমারও ভুয়া ভিডিও তৈরি করা হয়। এমন অনেক কিছু ছড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এসবের ওপর কড়া নিয়ন্ত্রণ থাকা দরকার। বিরক্ত হয়ে পড়েছি, আমি এ বিষয়ে সিরিয়াস।”

যারা ভুয়া ভিডিও তৈরি করেন, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন সালমন।

তিনি বলেন, “ওই ধরনের মানুষদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।”

এআই-এর অপব্যবহার রুখতে আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন অভিনেতা। সালমনের কথায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কী প্রকাশ করা যাবে, বা যাবে না সেই সংক্রান্ত নিয়ম আরও কঠোর হওয়া প্রয়োজন। নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন সালমান। তিনি বলেন, কাউকে অপমান বা হেয় করার আগে সেই মন্তব্যের প্রভাব কী হতে পারে, তা সবারই মাথায় রাখা উচিত।

সালমান বলেন, “আজকাল এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে যে কাউকে নিয়ে যা খুশি বলা হচ্ছে। ট্রল করা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। অনেক কিছুই পরিকল্পিতভাবে করা হয়।”

কথা প্রসঙ্গে আসে পাপারাজ্জিদের আচরণও। বিশেষ করে অভিনেত্রীদের অস্বস্তিকর বা ছবি তোলার প্রবণতায় আপত্তি তোলেন সালমান।