২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরিকে পটাতে যে গান গাইতেন শাহরুখ

গানটি গৌরি অপছন্দই করতেন, তবে শাহরুখ খানকে নয়।

গৌরিকে পটাতে যে গান গাইতেন শাহরুখ

দাম্পত্যের ৩ দশক পেরিয়েছেন শাহরুখ ও গৌরি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 08:08 PM

Updated : 04 Mar 2023, 09:02 PM

নাম-ডাক তো দূরের কথা, সিনেমাতেই যখন নামেননি, তখন গৌরির সঙ্গে সংসার পাতেন শাহরুখ খান। অনেক পথ পেরিয়ে এখন ‘বলিউড বাদশা’ হয়েছেন, তবে গৌরির সঙ্গে বন্ধন এখনও রয়েছে অটুট।

তিন দশকের সংসার যাপন পেরিয়ে আসার পর এখনও ভক্তরা এই তারকা দম্পতিকে নিয়ে আলোচনায় মেতে ওঠেন। সম্প্রতি শাহরুখ ভক্তদের একটা একাউন্ট থেকে তরুণ বয়সী শাহরুখের একটি ভিডিও ভাইরাল হয়েছে বলে টা্ইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

পুরনো সেই ভিডিওতে অকপটে অভিনেতা তার প্রেমের কাহিনি বলে গেছেন। বলেছেন কীভাবে গান গেয়ে গৌরিকে পটাতে চাইতেন।

অভিনেতা বলেছেন, “১৯৮৪ সালে আমার বয়স ছিল ১৮ বছর। ওই বয়সের ছেলেরা যা করে, আমিও তাই করেছি। একটি মেয়েকে আমি পছন্দ করতে শুরু করেছিলাম। গৌরি নামের মেয়েটির সাথে আমার প্রেম হয়েছিল। সে থাকত পঞ্চশীলে, আর আমি নয়া দিল্লির হাউজ খাস এলাকায়। তাই আমি তার বাড়িতে বা যেখানে সাধারণত প্রেমিক-প্রেমিকারা দেখা করে- বাগানে, ডিস্কো সাইটে কিংবা রেস্টুরেন্টে।

“আমি সেখানে যেতাম এবং তার জন্য একটি গান গাইতাম। কারণ আমি তার সাথে দেখা করতে পারতাম না নিয়মিত। সুতরাং, আমাকে তার এলাকায় গিয়ে এই গানটি গাইতে হয়েছিল। গানটি হল- “গৌরী তেরা গাঁও বড়া পেয়ারা।”

তবে গানটি গৌরি একদমই পছন্দ করতেন না বলে জানান শাহরুখ। গানটিকে তার সস্তা মনে হত। তবে শাহরুখ খানকে যে অপছন্দ ছিল নাম তা বোঝাই যাচ্ছে।

গৌরির সঙ্গে যখন শাহরুখের প্রেম হয়, তখন তিনি ছিলেন মুম্বাইয়ের এক উঠতি মডেল। তারা বিয়ে করেন ১৯৯১ সালে। তাদের আরিয়ান, সুহানা, ও আবরাম নামে তিন সন্তান।

স্বামীর মতো ক্যারিয়ারে গৌরিও সফলতা পেয়েছেন। ২০১৪ সাল থেকে শুরু হয়েছে তার নিজস্ব ব্র্যান্ড ‘গৌরি খান ডিজাইনস’র যাত্রা। স্বতন্ত্র নকশার বিলাসবহুল আসবাব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহে রাখার মতো আসবাবও রাখা হয় হয় তার প্রতিষ্ঠানে। সেই সঙ্গে নিয়মিত চলছে তারকাদের বাড়ি সাজানো। এছাড়া সত্য পলের সঙ্গে মিলে পোশাক নকশাও করছেন তিনি।