শিগগিরই চিত্রনাট্য শুনব: ‘থ্রি ইডিয়াটস’ নিয়ে আমির খান
এবারের চিত্রনাট্য আগাবে মূল কাহিনীর এক দশক পর থেকে।
অল্প কিছুদিনের মধ্যেই ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েলের চিত্রনাট্য শুনবেন বলে প্রত্যাশা করছেন বলিউডের তারকা আমির খান।
নতুন কিস্তির গল্প নিয়ে মুখ না খুললেও, আমিরের এই কথায় স্পষ্ট হয়েছে, বন্ধুত্বের সাড়া তোলা গল্পের এই সিনেমা কাজ এগুচ্ছে।
এনডিটিভি জানিয়েছে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এই অভিনেতা ও পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল নিয়ে কথা বলেছেন।
ওই অনুষ্ঠানে ‘থ্রি ইডিয়টস’ নিয়ে প্রশ্নের জবাবে আমির বলেন, “আসলে, আমার বেশি কিছু বলার অনুমতি নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে, হ্যাঁ, রাজু (রাজকুমার হিরানি) চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সত্যি বলতে, আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরলে তিনি আমাকে চূড়ান্ত সংস্করণটি শোনাবেন। তাই, দেখা যাক কী হয়।”
তবে এর আগে ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি বলেছিলেন, “আমি এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছি। এখনও অনেক কাজ বাকি। মূলত ১৫-২০ বছর পর এই চরিত্রগুলোর কী হয়, তা নিয়েই এই গল্প।”
চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ বক্স অফিসে ঝড় তুলেছিল। রাজকুমার হিরানি পরিচালিক সিনেমাটি কেবল ব্যবসাসফল হয়নি, ভারত এবং ভারত ছাড়িয়ে বাইরের দেশগুলোতেও তরুণদের পছন্দের চলচ্চিত্রে পরিণত হয়।
মুক্তির পর ১৭ বছর পেরিয়েও তাই ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কথা হয়। সিনেমার তিন চরিত্র রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগিও সমান জনপ্রিয়। এই চরিত্রে অভিনয় করা তিন অভিনেতা হলেন আমির খান, মাধবন ও শারমান যোশি। আরও ছিলেন কারিনা কাপুর।
মাসখানেক আগে সিনেমার দ্বিতীয় পর্ব আসার খবর দিয়ে আমির খান বলেছিলেন, এবারের চিত্রনাট্য আগাবে মূল কাহিনীর এক দশক পর থেকে। অর্থাৎ র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়ই তুলে ধরা হবে চিত্রনাট্যে।
