১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে ‘থ্রি ইডিয়টস’ ফিরছে, চিত্রনাট্য আমিরের পছন্দ

“আমি গল্প শুনেছি, দারুণ লেগেছে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 12:07 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

ফেলে আসা সতের বছরে বহুবার শোনা গেছে বন্ধুত্বের গল্পের সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল আসছে। কিন্তু সেসব কথা এতদিন বাস্তব রূপ পায়নি। 

ভক্তদের অপেক্ষা শেষ হচ্ছে অবশেষে। সিনেমার অভিনেতা আমির খান নিজেই নিশ্চিত করেছেন ‘থ্রি ইডিয়টস’ এর দ্বিতীয় পর্ব আসছে।

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ বক্স অফিসে ঝড় তুলেছিল। রাজকুমার হিরানি পরিচালিক সিনেমাটি কেবল ব্যবসাসফল হয়নি, ভারত এবং ভারত ছাড়িয়ে বাইরের দেশগুলোতেও তরুণদের পছন্দের চলচ্চিত্রে পরিণত হয়।

মুক্তির পর ১৭ বছর পেরিয়েও তাই ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কথা হয়। সিনেমার তিন চরিত্র রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগিও সমান জনপ্রিয়। এই চরিত্রে অভিনয় করা তিন অভিনেতা হলেন আমির খান, মাধবন ও শারমান যোশি। আরও ছিলেন কারিনা কাপুর।

ইন্ডিয়া টুডে লিখেছে, আমির খান বলেন, এবারের চিত্রনাট্য আগাবে মূল কাহিনীর এক দশক পর থেকে। অর্থাৎ র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়ই তুলে ধরা হবে চিত্রনাট্যে। 

আমির বলেন, “রাজু (রাজকুমার হিরানি) সত্যি ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে কাজ করছেন। আমি গল্প শুনেছি, দারুণ লেগেছে।” 

তবে চিত্রনাট্যের কাজ এখনো কিছু বাকি আছে বলে জানিয়েছেন আমির খান। তার কথায়, প্রথমবারের মত এবারেও হাস্যরস ভরপুর থাকবে। 

আমির খান আরও জানিয়েছেন, রাজকুমার হিরানির সঙ্গে দাদাসাহেব ফালকের জীবনীভিত্তিক একটি প্রকল্প তিনি শুরু করলেও, আপাতত তা স্থগিত রয়েছে। 

এ মুহূর্তে তিনি ব্যস্ত আছেন ছেলে জুনাইদ খানের সিনেমা ‘এক দিন’ প্রচার নিয়ে।