১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘থ্রি ইডিয়টসের’ দ্বিতীয় কিস্তি: নিখুঁত চিত্রনাট্য নিয়ে তবেই শুটিংয়ে নামবেন হিরানি

হিরানি বলেন, “এই সিনেমাটি মানুষের আবেগের সঙ্গে জড়িত। তাই কেবল ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করতে চাই না, কোনো সস্তা উপায়ে অর্থ উপার্জনের জন্য নতুন পর্ব বানাবো না।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 04:11 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

জনপ্রিয় হিন্দি সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর সিকুয়েলে এর চরিত্রদের বয়স সময়ের নিয়েমই এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। 

টাইমস অব ইন্ডিয়াকে হিরানি বলেছেন, কলেজ জীবনের সেই তরুণ ছাত্ররা এখন আর তরুণ বয়সে আটকে নেই, তারা জীবনের এক অন্য কঠিন সময়ের মুখোমুখি। যেমন হয়ে থাকে বাস্তব জীবনে। 

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ বক্স অফিসে ঝড় তুলেছিল। রাজকুমার হিরানি পরিচালিক সিনেমাটি কেবল ব্যবসাসফল হয়নি, ভারত এবং ভারত ছাড়িয়ে বাইরের দেশগুলোতেও তরুণদের পছন্দের চলচ্চিত্রে পরিণত হয়।

এখন এই সিনেমার সিকুয়ের আসার খবরে, কৌতুহলীরা জানতে চান, চিত্রনাট্য নিয়ে নানা তথ্য। 

কৌতুহল মেটাতে হিরানি সিনেমার দ্বিতীয় কিস্তির গল্পের কিছুটা আভাস দিয়েছেন। 

তিনি বলেন, “এবার র‍্যাঞ্চো-ফারহান-রাজুকে মাঝবয়সের সংকট বা ‘মিড-লাইফ ক্রাইসিস’ এর মধ্য দিয়ে যেতে দেখা যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন, পরিবার ও ক্যারিয়ারের যে নতুন চাপ তৈরি হয়, কিভাবে মানুষ সেই চাপ সামলায়, বা নির্বিকার থাকে সেটাই দেখানো হবে।”

হিরানির কথা একটাই, সিনেমার মানের সঙ্গে তিনি আপস করতে রাজি নন। নিখুঁত চিত্রনাট্য হাতে না নিয়ে দৃশ্যধারণের কাজে তিনি নামবেন না বলে জানিয়েছেন। 

হিরানি বলেন, “এই সিনেমাটি মানুষের আবেগের সঙ্গে জড়িত। তাই কেবল ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করতে চাই না, কোনো সস্তা উপায়ে অর্থ উপার্জনের জন্য নতুন পর্ব বানাবো না।”

একটি যথাযথ ও অর্থপূর্ণ চিত্রনাট্য তৈরি হলে তবেই ক্যামেরা চালু হবে বলে পরিস্কার বলে দিয়েছেন তিনি। 

মুক্তির পর ১৭ বছর পেরিয়েও তাই ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কথা হয়। সিনেমার তিন চরিত্র রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগিও সমান জনপ্রিয়। এই চরিত্রে অভিনয় করা তিন অভিনেতা হলেন আমির খান, মাধবন ও শারমান যোশি। আরও ছিলেন কারিনা কাপুর।

আমির খান আগেই বলেছিলেন, এবারের চিত্রনাট্য আগাবে মূল কাহিনীর এক দশক পর থেকে। অর্থাৎ র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়ই তুলে ধরা হবে চিত্রনাট্যে।