১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হ্যারি পটার এবার টিভি সিরিজে

হ্যারি পটার সিরিজের সাতটি বই অবলম্বনে হবে সাতটি সিজন।

হ্যারি পটার এবার টিভি সিরিজে

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 06:18 PM

Updated : 13 Apr 2023, 07:29 PM

আড়াই দশক ধরে ক্ষুদে পাঠক আর সিনেমার দর্শকদের বিমোহিত করে রাখা ‘হ্যারি পটার’ এবার ছোট পর্দায় আসছে।

মূল সিনেমায় হ্যারি পটারের নাম ভূমিকায় ছিলেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। টিভি সিরিজের হ্যারি পটারে দেখা যাবে এক ঝাঁক নতুন মুখ।

বিবিসি জানিয়েছে, সময়ের সঙ্গে তাল মেলাতে এ সিরিজ আবর্তিত হবে নতুন ধারায়। তবে জে কে রাউলিংয়ের গল্পের মৌলিকত্ব তাতে ধরে রাখা হবে। তার সাতটি বই অবলম্বনে হবে সাতটি সিজন। নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকবেন রাওলিং নিজেই।

হ্যারি পটার সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর একটি। বিশ্বজুড়ে ৬০ কোটি কপির বেশি বিক্রি হয়েছে এ সিরিজের বই।

হ্যারি পটার নিয়ে মোট আটটি সিনেমা তৈরি করেছে ওয়ার্নার ব্রাদার্স। ২০১১ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ’ এর পর এ ফ্র্যাঞ্চাইজির আর কোনো সিনেমা আসেনি।

সেই ওয়ার্নার ব্রাদার্সই এবার এই বইয়ের টিভি সিরিজ নিয়ে আসার ঘোষণা দিল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এতে নতুনদের যুক্ত করা হবে। হ্যারি পটারের ভক্তরা ২৫ বছরের বেশি সময় ধরে যা পছন্দ করেছেন- এর স্থান ও চরিত্র পূর্ণাঙ্গরূপে ফিরে আসবে।

আর রাউলিং এক বিবৃতিতে বলেছেন, তার বইয়ের ‘মৌলিকত্ব’ রক্ষার প্রতিশ্রুতিই তার কাছে গুরুত্বপূর্ণ।

“আমি এই নতুন সময়ের অংশ হওয়ার অপেক্ষায় রয়েছি। এই টিভি সিরিজ নতুন প্রজন্মকে গভীরভাবে একীভূত করতে পারবে।”

যৌনতা ও ট্রান্সজেন্ডারদের অধিকার সম্পর্কে অবস্থানের কারণে গত কয়েক বছর ধরে সমালোচিত হয়ে আসছেন এই লেখক। সেই সমালোচনায় যোগ দিয়েছেন হ্যারি পটার ভক্তরাও।

এমনকি এর জেরে ফেব্রুয়ারিতে রাউলিংয়ের হ্যারি পটার ইউনিভার্সের ওপর ভিত্তি করে অ্যাকশন রোল-প্লেয়িং গেইম ‘হগওয়ার্টস লিগেসি’ বয়কটের ঘোষণাও দেন কেউ কেউ।

তবে এমন বিতর্কেও গেইমটিতে ভাটা পড়েনি। বাজারে আসার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই গেইম।

আরও পড়ুন

পুরানো খবর:

রাউলিং বিতর্কের মধ্যেই রেকর্ড ভাঙা উন্মোচন হগওয়ার্টস লিগাসি’র