২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব, অংশ নেবেন ৪ হাজার শিল্পী

বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষ্য নিয়ে 'গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব' আয়োজিত হয়ে আসছে এক যুগ ধরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 11:43 AM

Updated : 05 Oct 2023, 11:43 AM

দুই বাংলার শিল্পীদের নিয়ে শুরু হতে যাচ্ছে 'গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩’। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ উৎসবের উদ্বোধন হবে, উৎসব চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

আনুমানিক ৪ হাজার শিল্পীর অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের 'গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২৩’ উদযাপিত হবে বলে জানিয়েছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।

বুধবার জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে উৎসবের আয়োজকেরা এক সংবাদ সম্মেলন বিস্তারিত জানায়। উৎসব কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ ও সদস্য সচিব আকতারুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন সেখানে।

বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষ্য নিয়ে 'গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব' আয়োজিত হয়ে আসছে গত ১১ বছর ধরে। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের উদ্যোগে এবার বসছে উৎসবের দ্বাদশ আসর।

আয়োজকদের লিখিত বক্তব্যে বলা হয়, "দেশের সর্ববৃহৎ বাঙালির উৎসব, সংস্কৃতির মানুষদের প্রাণের মেলা, সংস্কৃতির জাগরণের মহাসম্মিলন ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩’।

১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতি'র নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চনাটক, নৃত্য, আবৃত্তি, সংগীত, নৃত্যনাট্য এবং পথনাটক, শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলাদেশ ও ভারতের মোট ১৪৫টি দল এবারের আয়োজনে অংশগ্রহণ করবে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১২ দিনব্যাপী 'গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২৩ এর উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়া উদ্বোধনী পর্বে অতিথি থাকবেন আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ এবং লিয়াকত আলী লাকী।

স্বাগত বক্তব্য দেওয়ার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালন করবেন উৎসব পর্ষদের সদস্য সচিব আকতারুজ্জামান এবং সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহবায়ক গোলাম কুদ্দুছ। উদ্বোধনী পর্বে রয়েছে জাতীয় সংগীত, নৃত্য ও প্রদীপ প্রজ্বালন।

উদ্বোধনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে আব্দুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত থিয়েটার প্রযোজনা ‘মেরাজ ফকিরের মা’। পরীক্ষণ থিয়েটার হলে বাতিঘর প্রযোজিত মুক্তনীল রচিত ও নির্দেশিত নাটক 'ভগবান পালিয়ে গেছে', স্টুডিও থিয়েটার হলে একতা নাট্যগোষ্ঠী, কিশোরগঞ্জ প্রযোজিত হুমায়ূন আহম্মেদ রচিত ও মানস কর নির্দেশিত '১৯৭১' নাটকটি মঞ্চস্থ হবে।

উন্মুক্ত মঞ্চে প্রতিদিন ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক পর্ব। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে মঞ্চনাটক। 

গোলাম কুদ্দুছ বলেন, “মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে হাজার বছরের সাংস্কৃতিক ধারা ও ঐতিহ্যকে বহমান ও শক্তিশালী করতে এদেশের সংস্কৃতিযোদ্ধারা রেখে চলেছে গুরুত্বপূর্ণ অবদান। বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে সাথে নিয়ে সংস্কৃতিকর্মীরা পথে থেকেছে, মঞ্চে থেকেছে সরব তাদের সংগীত, নৃত্য, আবৃত্তি, পথনাটক, মঞ্চনাটক নিয়ে।

“মৌলবাদের উত্থান ঠেকাতে, যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বীরযোদ্ধার মত বরাবরই সম্মুখযোদ্ধা এদেশের সংস্কৃতিকর্মীরা। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে, সামাজিক অনাচারের বিরুদ্ধেও সংস্কৃতিকর্মীরা রাস্তায় নেমেছে, মানবিকতার পাশে থেকেছে অকুতোভয় সৈনিকের মত।”

তিনি বলেন, “আমরা আবারও মেতে উঠি আমাদের শিল্পসৃষ্টির উন্মাদনায়, আমাদের নবনব সৃষ্টির উল্লাসে। সংস্কৃতির এ মহাশক্তিকে আরো একবার বিপুল জনগোষ্ঠীর সম্মুখে উপস্থাপনের লক্ষে আবারো আয়োজিত হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩।”