২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালক গৌতম কৈরীর ক্যামেরা ছিনতাই

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে মোহাম্মদপুরে নূরজাহান রোডে ছিনতাইয়ের শিকার হন এই নির্মাতা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 01:23 PM

Updated : 07 Nov 2022, 01:23 PM

রাজধানীতে রাতের ফাঁকা রাস্তায় ক্যামেরা ও লেন্স ছিনতাই হয়েছে নাট্য পরিচালক গৌতম কৈরীর।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে ওই ঘটনা ঘটে বলে জানান এই নির্মাতা। পরে অজ্ঞাতনামা দুজন মোটর সাইকেল আরোহীর বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই রাতে গৌতম লালমাটিয়া আড়ংয়ের সামনে থেকে রিকশা করে শিয়া মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে মোহাম্মদপুরে নূরজাহান রোডে ফুলের দোকানের সামনে তার রিকশার পাশে একটি মোটরসাইকেল আসে, তাতে দুই আরোহী ছিলেন। হঠাৎ করে মোটরবাইকে বসা একজন তার হাতে থাকা ক্যামেরার ব্যাগ টান মেরে নিয়ে যায়।

ব্যাগে কিছুদিন আগে কেনা ক্যামেরা, লেন্সসহ ৩ লাখ ২৫ হাজার টাকার মালামাল ছিল বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

ঘটনার বর্ণনায় গৌতম কৈরী বলেন, "আমি রিকশায় বসা। আমার কোলে আমার ক্যামেরার ব্যাগ। রাস্তা মোটামোটি ফাঁকা। হঠাৎ প্রচণ্ডগতিতে একটা বাইক পাশে এলো, হেঁচকা টানে ক্যামেরার ব্যাগসহ আমি ছিটকে নিচে পড়ে গেলাম। কিছুদূর পর্যন্ত ছেঁচড়ে গেলাম।

“শেষ রক্ষা হল না। ক্যামেরার ব্যাগ নিয়ে মুহূর্তে পালিয়ে গেল বাইকের দুইজন। অল্প কিছুদিন আগেই নতুন সেটআপ ক্যামেরাটা কিনেছি। সাউন্ড, লেন্সসহ বেশবড় একটা সেটআপ।”

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সামনে দুই দিকে দুটো সিসিক্যামেরা রয়েছে জানিয়ে গৌতম কৈরী বলেন, “সিসি ক্যামেররা ভিডিও দেখলে বাইকের নম্বর প্লেট দেখা যেতে পারে। রাতেই থানায় যাই। বেশি রাত, কলেজ বন্ধ থাকায় সিসিক্যাম দেখা যায়নি। পরদিন সকালে মোহাম্মদপুর থানায় গিয়ে মামলা করেছি।"

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, "মামলা হয়েছে, আমরা কাজ করছি। আশা করি ভালো একটা ফলাফল হবে। আমরা ছিনতাইয়ের মালামাল উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে কাজ করছি।"