২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমি অ্যাওয়ার্ডস: সর্বোচ্চ পুরস্কার জিতেছে ‘সাকসেশন’ এবং ‘দ্য বিয়ার’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের পিকক থিয়েটারে দেশটির টেলিভিশন সিরিজের সবচেয়ে বড় পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৫তম আসর বসে সোমবার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 04:48 PM

Updated : 16 Jan 2024, 04:48 PM

গোল্ডেন গ্লোব এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর এবার এমি অ্যাওয়ার্ডসেও যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজ ‘সাকসেশন’ এবং ‘দ্য বিয়ার’র জয়জয়কার হয়েছে। 

সেরা ড্রামা সিরিজ হিসেবে ‘সাকসেশন’ এবং সেরা কমেডি সিরিজের তালিকায় ‘দ্য বিয়ার’র নাম এসেছে।

আমেরিকার টেলিভিশন চ্যানেল এইচবিওতে ‘সাকসেশন’ প্রচার হচ্ছে ২০১৮ সাল থেকে। আর এফএক্স চ্যানেলে প্রচারিত হয় ‘দ্য বিয়ার’। এই দুই সিরিজ দারুণভাবে দর্শকপ্রিয়।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের পিকক থিয়েটারে দেশটির টেলিভিশন সিরিজের সবচেয়ে বড় পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৫তম আসর বসে সোমবার।

হলিউডে লেখক-অভিনয় শিল্পীদের নজিরবিহীন ধর্মঘটের কারণে গত ১৮ সেপ্টেম্বর স্থগিত হয়েছিল এমি অ্যাওয়ার্ডসের আসর। সেই সংকট কাটিয়ে যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় সবেচয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা করা হয়।

সেরা ড্রামা সিরিজ এবং সেরা কমেডি সিরিজে তালিকা ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ছয়টি করে পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘সাকসেশন’ এবং ‘দ্য বিয়ার’। এছাড়া সেরা লিমিটেড সিরিজসহ পাঁচটি শাখায় পুরস্কার পেয়েছে ‘বিফ’।

পুরস্কার নিয়ে ‘সাকসেশন’র নির্মাতা জেস আর্মস্ট্রং বলেন, “এই শোয়ের সমাপ্তি টানা কঠিন হয়ে দাঁড়াবে। তবে বলতে পারি, কাজটি নিয়ে শুরু থেকেই আনন্দে আছি।“

পারিবারিক গল্পের এই সিরিজে দেখান হয়েছে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের নানা ঘটনা।

এই সিরিজের মূল চরিত্রে অভিনয়ের জন্য এমিতে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেতা কিয়েরান কালকিন ও অভিনেত্রী সারাহ স্নুক।

সেরা কমেডি সিরিজের পুরস্কার পাওয়া ‘দ্য বিয়ার’ চলছে ২০২২ সাল থেকে। ‘দ্য বিয়ার’ নির্মাণ করেন ক্রিস্টোফার স্টরার । এই সিরিজের গল্প একজন পাচককে ঘিরে। এই সিরিজে অভিনয়ের জন্য কমেডি সিরিজ শাখায় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জেরেমি অ্যালেন হোয়াইট।

এই অভিনেতা বলেন,” দর্শকদের মত আমিও এই শোটি ভীষণ পছন্দ করি। আজকের এই সম্মানে আমি গর্বিত ও কৃতজ্ঞ।“

পুরস্কারের তালিকা

  • সেরা ড্রামা সিরিজ: সাকসেশন

  • ড্রামা সিরিজের সেরা অভিনেতা: কিয়েরান কালকিন (সাকসেশন)

  • ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী: সারাহ স্নুক (সাকসেশন)

  • ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা: ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)

  • ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী: জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)

  • সেরা কমেডি সিরিজ: দ্য বিয়ার

  • কমেডি সিরিজের সেরা অভিনেতা: জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

  • কমেডি সিরিজের সেরা অভিনেত্রী: কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলিমেন্টারি)

  • কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা: ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার)

  • কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী: আয়ো এদেবিরি (দ্য বিয়ার)

  • সেরা লিমিটেড সিরিজ: বিফ (নেটফ্লিক্স)

  • সেরা অভিনেতা: স্টিভেন ইয়ুন (বিফ)

  • সেরা অভিনেত্রী: আলি ওং (বিফ)

  • সেরা পার্শ্ব অভিনেতা: পল ওয়াল্টার হাউসার (ব্ল্যাক বার্ড)

  • পার্শ্ব অভিনেত্রী: নিসি ন্যাশ-বেটস (ডাহমার - মনস্টার: দ্য জেফরি ডাহমার স্টোরি)

  • কমেডি সিরিজের সেরা চিত্রনাট্য: দ্য বিয়ার

  • ড্রামা সিরিজের সেরা চিত্রনাট্য: সাকসেশন

  • লিমিটেড সিরিজের সেরা চিত্রনাট্য: বিফ

  • ড্রামা সিরিজের সেরা পরিচালক: মার্ক মাইলড (সাকসেশন)

  • কমেডি সিরিজের সেরা পরিচালক: ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার)

  • লিমিটেড সিরিজের সেরা পরিচালক: লি সুং জিন (বিফ)

  • সেরা টক সিরিজ: দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়া

  • সেরা টেলিভিশন মুভি: উইয়ার্ড দ্য আল ইয়ানকোভিক স্টোরি

  • সেরা গেম শো: জিওপার্ডি

পুরনো খবর:

হলিউডের ধর্মঘটের খাঁড়া এমি অ্যাওয়ার্ডে