Published : 04 Oct 2022, 09:41 AM
ঢাকা-কলকাতা দুই জায়গাতেই তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভীষণ প্রিয় ‘শারদীয় দুর্গোৎসব’। সাজসজ্জা, বেড়ানো আর খাওয়াদাওয়ায় এ উৎসবের পাঁচটি দিনটি দারুণ উপভোগ্য এ অভিনেত্রীর কাছে।
এবার এ দিনগুলো কেমন করে রঙিন করে তুলছেন, সে কথা জয়া মেলে ধরেছেন কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে।
কলকাতার পূজায় বরাবরই অন্যরকম ভালোলাগা কাজ করে জয়ার। তাই চেষ্টা করেন কাজের ব্যস্ততা দুহাতে ঠেলে পূজার সময় কলকাতায় উড়ে যেতে। এবারও তাই করেছেন।
দেখা গেল অভিনেতা সৌরভ দাসকে সঙ্গে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন জয়া। সারাক্ষণ চকলেট খেয়ে চলা এই নায়িকা জানালেন, উৎসবের এই কয়েকটা দিন নিজের মত করেই কাটতে চান।
পূজার সাজ
জয়ার কাছে পূজা মানে বন্ধুদের বাড়ি যাওয়া, মন খুলে কথা আর হাসাহাসি। এসবের সঙ্গে অবশ্যই সাজগোজ আর খানাপিনা।
তিনি মনে করেন, দুর্গাপূজায় শুধু নয়, যে কোনো উৎসবেই সাজ এমন হওয়া উচিত, যেন সেটা ব্যক্তিত্বকে হরণ না করে।
“পরিমিতিবোধ থাকতে হবে। আমার যেমন সলিড অর্থাৎ এক রঙা শাড়ি বেশি পছন্দ আর সাথে ভারী গয়না। তবে মাথায় রাখতে হবে এমন গয়না বা শাড়ি যাই আমি পরি না কেন সেটি যেন আমার উপর চেপে না বসে, আমাকে ছাড়িয়ে না যায়।“
সোনালি-রুপালি জড়িসুতোর কাজ করা চওড়া পাড়ের গাঢ় জলপাই রঙের শাড়ির সঙ্গে কানে-গলায় নানা রঙের পাথর বসানো গয়না পরা জয়া আরও বললেন, পূজায় অষ্টমী ও নবমীর রাতই সাজগোজের জন্য সেরা।
সোনা আর রূপা, দুই ধাতুর গয়না পরতেই জয়া ভালোবাসেন। তবে চড়া রঙের লিপস্টিক তার পছন্দ নয়। আর চোখে যদি টেনে কাজল নেন, তাহলে অবশ্যই তিনি বেছে নেন হালকা রঙের লিপস্টিক। গাঢ় রঙের লিপস্টিক নিলে চোখের মেকআপটা হয় হালকা।
শাড়ি-গয়না ভারী হলে চুল খোলা না রাখে হাতখোপাই পছন্দ জয়ার।
ডায়েটের ধারেকাছেও নেই
জয়া খেতে ভালোবাসেন, তাই ডায়েটের ধারকাছেও থাকেন না, আর পূজার সময়তো নয়ই।
আনন্দবাজারকে তিনি বলেছেন, “ঢাকাতেও পূজার আয়োজন বেশ বড়ই হয়।আর পূজার প্রসাদতো বাড়িতে আসতেই হবে। এর পরেও আমি যেচে যেচে সবাইকে বলি– আমাকে দাওয়াত করো, আমি যাব। আমি ভীষণরকম ভালো ভালো খাবার খেতে পছন্দ করি, সেটা এক্সপেরিমন্টাল খাবারই হোক বা কোনো উৎসব পার্বণেরই হোক। সেক্ষেত্রে তো আমি কখনোই ডায়েট করব না।”

“কারণ আমি খুবই খাদ্যরসিক। অভিনয় করলেও খাওয়া দাওয়ায় কোনো রকম বিধিনিষেধ আমি মানি না। যখন যা ইচ্ছে তাই খেয়ে নিই। পূজোতে তো ভালমন্দ খাবার চাইই চাই!”
জয়ার পরামর্শ মেঘনার ইলিশ
মাছের মধ্যে ইলিশ ভীষণ প্রিয় জয়ার। পদ্মার ইলিশের স্বাদ-ঘ্রাণের সঙ্গে কলকাতার মানুষ পরিচিত হলেও জয়ার কাছে ভালো লাগে মেঘনার ইলিশ। আর মায়ের হাতের ইলিশের সর্ষে ভাপা।
পূজা বা বিশেষ উৎসব-অনুষ্ঠানে মায়ের হাতের ভাপা সর্ষে ইলিশের কথা বলতে গিয়ে জিভে জল এসে যায় এই অভিনেত্রীর।
“এখন মনে হচ্ছে আমি ঢাকায় গিয়েই মাকে মেঘনার ইলিশের প্রিপারেশনটা করতে বলব। মা কলা পাতায় মুড়ে খুব ভালো সর্ষে ভাপা ইলিশ করেন। এটা অসাধারণ এবং এর কোনো তুলনাই নেই।“