২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জন অরণ্য’র প্রদীপ নিভে গেল

বহু সিনেমায় কাজ করেছেন প্রদীপ মুখার্জি, কিন্তু মানুষ তাকে মনে রেখেছে সত্যজিৎ রায়ের সিনেমার 'সোমনাথ' হিসেবে।

'জন অরণ্য’র প্রদীপ নিভে গেল

জন অরণ্য সিনেমায় সোমনাথ চরিত্র রূপায়ন করে পরিচিত হয়ে ওঠেন প্রদীপ মুখার্জি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 01:45 AM

Updated : 30 Aug 2022, 02:23 AM

সত্যজিৎ রায়ের সংগ্রামী তরুণ ‘সোমনাথ’ আর নেই। সত্তরের দশকে দর্শকমনে দাগ কেটে যাওয়া এই চরিত্রে অভিনয় করা প্রদীপ মুখোপাধ্যায় মারা গেছেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার সকাল সোয়া ৮টায় ৭৬ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়।

নির্মাতা নির্মল চক্রবর্তীর ছবি 'দত্তা'র শুটিং করছিলেন প্রদীপ। সেই সেটেই ক’দিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনি।

দমদম ক্যান্টনমেন্টের এক হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। সেখান থেকে আর জীবনে ফেরা হল না গুণী এই শিল্পীর।

সদ্য প্রয়াত এই অভিনেতার প্রথম সিনেমা সত্যজিতের হাত ধরে, ১৯৭৬ সালে। 'কলকাতা ত্রয়ী'র শেষ ছবি 'জন অরণ্য' করে সাড়া ফেলে দেন তরুণ প্রদীপ।

বেকার সমস্যা, নৈতিকতার স্খলন, উত্তাল রাজনীতি, জীবন সংগ্রামের একদিক হতাশায় ম্রিয়মাণ, অন্যদিকে বিমর্ষতা ঝেড়ে ফেলে দারুণ সম্ভবনা নিয়ে দিন শুরু করা চলচ্চিত্র 'জন অরণ্য'। বাঙালির কাছে সেই সময়ে যুব সম্প্রদায়ের কাছে সংগ্রামী মুখচ্ছবি হয়ে ওঠেন সোমনাথ।

এরপরে বহু কাজ করেছেন প্রদীপ মুখার্জি, যার অনেকগুলোই দারুণ জনপ্রিয় বা অনেক চরিত্রই তাকে অভিনেতা হিসেবে ঋদ্ধ করেছে। কিন্তু তাকে মানুষ চিনেছে এবং মনেও রেখেছে 'সোমনাথ' হিসেবে।

সত্যজিৎ রায় ছাড়াও বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ এবং অপর্ণা সেন তাদের বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে বেছে নিয়েছেন প্রদীপ মুখোপাধ্যায়কে।

'দূরত্ব', সতী', 'পুরুষত্তোম', 'হিরের আংটি', 'বাক্স রহস্য', 'কালরাত্রি', 'দহন', 'উৎসব' প্রদীপ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাজ।