নেটফ্লিক্সে ‘জওয়ান’
‘জওয়ান’ থেকে বাদ পড়া একাধিক দৃশ্য উঠে আসবে সিনেমার ওটিটি ভার্সনে।
২রা নভেম্বর ৫৮-তে পা দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। জন্মদিনের এই দিনে বোমা ফাটাল নেটফ্লিক্স; ওটিটি এই প্লাটফর্মে মুক্তি পেল ‘জওয়ান’।
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ‘জওয়ান’-এর প্রোমো শেয়ারের মধ্যদিয়ে ‘জওয়ান’-এর মুক্তির ঘোষণা করেছে নেটফিক্সের অফিসিয়াল সাইট।
ক্যাপশনে জানানো হয়, “জন্মদিনটা জওয়ানের, তবে উপহার সবার জন্য। জওয়ানের এক্সটেন্ডেড কাট এখন শুধুমাত্র নেটফ্লিক্সে। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগুতেও দেখা যাচ্ছে এই সিনেমা।”
অর্থাৎ সিনেমা থেকে বাদ পড়া একাধিক দৃশ্য উঠে আসবে ‘জওয়ান’-এর ওটিটি ভার্সনে।
হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, জওয়ান-এর ওটিটি রিলিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত রয়েছেন শাহরুখ।
সে উচ্ছ্বাস প্রকাশ করতে অভিনেতা বলেন, “আমি দারুণ খুশি যে ওটিটিতে জওয়ানের এক্সটেন্ডেড ভার্সন মুক্তি পেয়েছে। সারা বিশ্বের ফ্যানেরা তাঁদের পরিবারের সঙ্গে বসে জওয়ান দেখার সুযোগ পাবে। চিত্রনাট্য লেখার সময় থেকে স্ক্রিন পর্যন্ত পৌঁছে যাওয়া, জওয়ানের জার্নিটা এক কথায় অসাধারণ। একটা বৃত্ত সম্পূর্ণ হল। এটা আমাদের লেবার অফ লাভ। বিশ্ব সিনেমাকে দেওয়া একটা উপহার।”
ভারতীয় বক্স অফিসে ৬৩৯.৭৫ কোটি রুপি আয় করেছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। বিশ্ব বক্স অফিসে আয়ের পরিমাণ ১১৪৮ কোটি রুপি।
সিনেমাটি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘জওয়ান’।
