গ্র্যাভিটির প্রশংসায় ক্যামেরন
মেক্সিকান পরিচালক আলফনসো কওয়ারনের নতুন সিনেমা ‘গ্র্যাভিটি’কে চলচ্চিত্রশিল্পের সেরা স্পেস ফিল্ম বলে অভিহিত করেছেন হলিউডি পরিচালক জেমস ক্যামেরন।
ডিজিটাল স্পাই জানিয়েছে, স্যানড্রা বুলক এবং জর্জ ক্লুনি অভিনীত টেকনো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘গ্র্যাভিটি’কে এ যাবৎকালের সেরা স্পেস-ফিল্ম বলে মনে করছেন ক্যামেরন।
ক্যামেরন বলেন, “আমি অভিভূত, পুরোপুরি স্তব্ধ। আমার মনে হয় এ যাবতকালের সেরা স্পেস সিনেমা হল এটি। এ রকম একটি মুভি দেখার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম।”
তিনি আরও বলেন, “এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি মজার তা হল হিউম্যান ডাইমেনশন। ভরহীন পরিবেশে কীভাবে একজন নারী টিকে থাকার চেষ্টা করে, আলফনসো এবং স্যানড্রা একসঙ্গে খুবই সুন্দরভাবে তা ফুটিয়ে তুলেছেন।”
২০০৬ সালে ‘চিলড্রেন অফ মেন’ সিনেমার পর দীর্ঘ বিরতি শেষে ‘গ্র্যাভিটি’ সিনেমা নিয়ে ফিরছেন আলফনসো। চলতি সপ্তাহে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‘গ্র্যাভিটি’, আর ০৪ অক্টোবর সিনেমাটি আমেরিকায় মুক্তি পাবে।
