কিম-তনয়ার ছবির মূল্য ২০ লাখ ডলার!
কন্যা নর্থ ওয়েস্টের ছবির জন্য কিম-কেনিকে ২০ লাখ ডলারের প্রস্তাব ।
রিয়েলিটি টিভি তারকা কিম কার্ডাশিয়ান এবং তার প্রেমিক কেনি ওয়েস্টের শিশুকন্যা নর্থ ওয়েস্টের প্রথম ছবি ২০ লাখ ডলারে কিনে নিতে চেয়েছে হলিউডভিত্তিক একটি বিনোদন ম্যাগাজিন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
জন্মের পর প্রায় এক মাস হয়ে গেলেও এখনও কিম-তনয়ার মুখ দেখতে পারেনি বিশ্ববাসী। এর আগে কিমের মা ক্রিস জেনারের একটি টক শোতে শিশুটির ছবি দেখানোর কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদলান কিম-কেনি জুটি।
টিএমজি জানিয়েছে, কন্যাকে সঙ্গে নিয়ে একটি ফটোশুট করার কথা ভাবছেন কিম। আর এই ফটোশুটটি করা হবে একটি বিশেষ ম্যাগাজিনের পক্ষ থেকে। ম্যাগাজিনটি এরমধ্যেই তাদের এটির বিনিময়ে ২০ লাখ ডলারের প্রস্তাব দিয়েছে।
তবে কিম এবং কেনি প্রস্তাবটি গ্রহণ করবেন কি না, তা এখনও বিবেচনা করে দেখছেন। জানা গেছে, ফটোশুট থেকে প্রাপ্ত অর্থ দান করা হবে চ্যারিটিতে।
এদিকে কন্যার ব্যাপারে অতিসচেতন কিম জানিয়েছেন তার অনুষ্ঠান ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’-এর নতুন সেশনে নর্থ ওয়েস্টকে ক্যামেরার সামনে আনবেন না তিনি। তার ধারণা এভাবে তার কন্যাকে খারাপভাবে উপস্থাপন করা হবে।
