দুর্বল উলভারিন
‘এক্স ম্যান’-এর পরবর্তী সিরিজে ভেঙেপড়া অবস্থায় থাকবেন উলভারিন, জানিয়েছেন হিউ জ্যাকম্যান।
হলিউডি অভিনেতা হিউ জ্যাকম্যান জানান, ‘এক্স ম্যান’ সিরিজের পরবর্তী সিনেমায় সবদিক দিয়েই দুর্বল হয়ে পড়বেন তার অভিনীত চরিত্র উলভারিন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
কন্টাক্টমিউজিকের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ‘দি উলভারিন’ সিনেমায় চরিত্রটির একাকিত্ব এবং অপর একটি সিনেমায় তার ঘনিষ্ট বন্ধু জিন গ্রের মৃত্যু-- সব মিলিয়ে উলভারিনকে দেখা যাবে ভেঙেপড়া অবস্থায়। এ বিষয়ে জ্যাকম্যান বলেন, “সিনেমাটিতে প্রতিটি দিক দিয়ে ভেঙে পড়বেন উলভারিন। শুধু মানসিকভাবে নয় শারীরিকভাবেও। আর এমন একটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা ছিল দারুণ।”
৪৪ বছর বয়সী জ্যাক আরও বলেন, “সিনেমাটিতে উলভারিনের জীবন নষ্ট হওয়ার পিছনের ট্র্যাজেডি তুলে ধরা হবে। এক পর্যায়ে দেখা যাবে, শুধু নিজের জন্য নয় বরং সকলের ভালোর জন্যই তার দূরে চলে যাওয়া উচিত বলে মনে করতে শুরু করেন তিনি। কারণ তিনি যখন ফিরে আসেন. তখন পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে।”
