টুইটার থেকে দূরে থাকবেন অ্যালেক
টুইটার একাউন্ট ‘ডিএকটিভেট’ করেছেন অ্যালেক বল্ডউইন।
টিভি অভিনেতা অ্যালেক বল্ডউইন তার টুইটার একাউন্ট ডিএকটিভেট করেছেন। সেইসঙ্গে জানিয়েছেন কয়েকদিন টুইটার থেকে দূরে থাকবেন তিনি। খবর কন্টাক্টমিউজিকের।
‘ডেইলি স্টার’ জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্কে অভিনেতা জেমস গ্যান্ডলফিনির অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে সারাক্ষণ টুইট করছিলেন বল্ডউইনের স্ত্রী হিলারিয়া থমাস। বিষয়টি টুইটারে তার ফলোয়ারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এসবের উত্তরে বল্ডউইন টুইট করেন, ‘কেউ একজন লিখেছেন আমার স্ত্রী অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে সারাক্ষণ টুইট করেছেন। এটা সত্যি নয়। তবে আমি আপনার অন্ত্যেষ্টিক্রিয়ায় অবশ্যই টুইট করব।’
সেদিন আবারও টুইটারে গিয়ে বল্ডউইন টুইট করেন, “আমি এবং আমার স্ত্রী এক পুরনো বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েছিলাম... এর বেশি মানুষ আর কী জানতে চায়? আমাদের বন্ধুর শেষকৃত্যে কোনোভাবেই আমার স্ত্রী তার মোবাইল ফোন ব্যবহার করেননি। এখন, আমি টুইটার থেকে দূরে যাচ্ছি এবং যারা সত্যটি জানেন তাদের জন্য রইল শুভকামনা।”
