সিনেমায় ক্যামেরনের গান
মিউজিক্যাল সিনেমা ‘অ্যানি’র রিমেকে গান গাইবেন ক্যামেরন ডিয়াজ।
হলিউডি অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ এবার মিউজিক্যাল সিনেমা ‘অ্যানি’-এর রিমেকে প্রথমবারের মতো গান গাইবেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘ইউএস ম্যাগাজিন’ জানিয়েছে, ৪০ বছর বয়সী ক্যামেরন সিনেমাটিতে অভিনয় করবেন নয় বছর বয়সী অভিনেত্রী ওয়ালিস কুভেনজেইনের সঙ্গে। সিনেমাটিতে জেমি ফক্সকে দেখা যাবে ‘ড্যাডি ওয়ারবাকস’-এর চরিত্রে। এতিমখানার প্রধান নিষ্ঠুর মিস হ্যানিগানের চরিত্রে স্যান্ড্রা বুলককে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। সিনেমাটি পরিচালনা করবেন উইল গ্লাক। এটি মুক্তি পাবে ২০১৪ সালের ২৫ ডিসেম্বর।
২০ দশকের কমিকস্ট্রিপ ‘লিটল অরফান অ্যানি’ অবলম্বনে প্রথমবারের মতো ১৯৮২ সালে অ্যানি সিনেমাটি নির্মাণ করেন জন হিউস্টন। পরে ১৯৯৯ এ ডিজনি আরও একবার মিউজিক্যালটি পুনর্নিমাণ করে একই নামে। সেটি পরিচালনা করেছিলেন রব মার্শাল।
