২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যান অফ স্টিল’: সুপারম্যানের ‘পুনর্জন্ম’

৭৫ বছর আগে, ডিটেক্টিভ কমিকস (বিশ্বব্যাপী যার পরিচিতি ডিসি কমিকস হিসেবেই), প্রথম যখন ‘সুপারম্যান’ কমিক সিরিজ প্রকাশ করে, তখন কারও ধারণাতেই ছিলো না, লাল-নীল স্যুট আর লাল আন্ডারওয়্যার পরা সুদর্শন এই কমিক চরিত্রটিই একদিন প্রতিষ্ঠিত হবে বিশ্বের এক নম্বর সুপারহিরো চরিত্র হিসেবে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার ইতিহাসে ‘সুপারম্যান’ এখন এক আইকনের নাম; যে কোন দুর্যোগেই অতিমানবীয় শক্তি নিয়ে যে এগিয়ে আসে অশুভ শক্তির কাল ছায়া থেকে পৃথিবীর মানুষকে বাঁচাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাফাত আরেফিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

২০১৩ তে কিংবদন্তি এই সুপারহিরোই নতুন রূপে হাজির হয়েছে ভক্তদের সামনে; ক্রিস্টোফার নোলানের প্রযোজনা আর ডেভিড এস গয়্যার এর চিত্রনাট্যে সুপার ম্যান এবার ‘ম্যান অফ স্টিল’। জ্যাক স্নাইডারের পরিচালনায় এবার ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল হয়েছেন নতুন ‘সুপারম্যান’। রাফ অ্যান্ড টাফ লুকের এই নতুন ক্লার্ক কেন্টকেও সাদরে গ্রহণ করছেন দর্শকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মুক্তির প্রথম সপ্তাহেই সাড়ে ২২ কোটি ডলার বাজেটের এই সিনেমা উঠিয়ে ফেলতে সক্ষম হয়েছে এর মূলধন। ধারণা করা হচ্ছে, দ্রুতই ‘ডার্ক নাইট’, ‘অ্যাভেঞ্জার্স’, ‘স্পাইডারম্যান’, ‘আয়রনম্যান’ এর মতো সুপারহিরো সিরিজগুলোর আয়ের রেকর্ড ভাঙতে সক্ষম হবে এটি।

২০০৫-এ ‘ব্যাটম্যান বিগিনস’ এর মধ্য দিয়ে খাদের কিনারায় চলে যাওয়া ব্যাটম্যান সিরিজের পুনর্জন্ম দিয়েছিলেন পরিচালক ক্রিস্টোফার নোলান। ২০০৮-এ মুক্তি পাওয়া ‘দ্যা ডার্ক নাইট’ এর মধ্য দিয়ে ডিসি কমিকস-এর এই কমিক চরিত্রটিকে নতুন উচ্চতায় নিয়ে যান তিনি। ওই সময়ই সিনেমাটির গল্পকার ডেভিড এস গয়্যার নোলানকে বলেছিলেন, ‘সুপারম্যান’কে নিয়েও একইভাবে কাজ করার কথা। নতুন শতাব্দীতে নতুনভাবে বিশ্ববাসীর কাছে ‘সুপারম্যান’কে তুলে ধরার ওই আইডিয়া দারুণভাবেই মনে ধরেছিল নোলানের; আর তাই প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে ওই সময় থেকেই বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকেন তিনি। ওয়ার্নার ব্রাদার্সও বিশ্বসেরা কমিক রাইটার এবং গ্রাফিক নভেলিস্টদের নিয়ে তখন কাজ করছিল সুপার হিরো চরিত্রগুলোকে নতুনভাবে ফিরিয়ে আনতে। সবমিলিয়ে, ২০১১ তে এসে এ ব্যাপারে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন নোলান, তবে এবার আর পরিচালক নয়, প্রযোজকের ভূমিকাতেই অবতীর্ণ হলেন তিনি। বেন অ্যাফ্লেক, রবার্ট জেমেকিস, ড্যারেন অ্যারনফস্কি, ম্যাট রিভিস, টনি স্কট, ডানকান জোনস-এর মতো আধডজন দুঁদে পরিচালকরা ফিরিয়ে দেওয়ার পর ‘থ্রি হান্ড্রেড’ খ্যাত জ্যাক স্নাইডারের হাতেই দেওয়া হয় নতুন প্রজন্মের ‘সুপারম্যান’-এর ভার।

‘

ম্যান অফ স্টিল’-এর ট্রেইলার দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কি হলো সুপারম্যানের সেই বিখ্যাত লাল আন্ডাওয়্যারের! গত ৭৫ বছর ধরে সুপারম্যানকে কখনোই দেখা যায়নি তার লাল আন্ডারওয়্যার ছাড়া! জ্যাক স্নাইডারের এই নতুন ‘সুপারম্যান’-এর পোশাকটি বেশ মেটালিক ধাঁচের; বুকের ওপর লাল অক্ষরে লেখা ‘এস’ লোগো সহ নীল স্যুটটা আছে ঠিকই, আছে হাওয়ায় ওড়া সুপারম্যানের লাল রং-এর কেপও, কেবল নেই পোশাকের ওপরে পরার সেই আইকনিক লাল অন্তর্বাস। অন্তর্বাসটি কি হারিয়েই গেল, নাকি অবশেষে ঠিকঠাকভাবে অন্তর্বাস পরার কায়দাটি রপ্ত করেছেন সুপারম্যান- এটি জানা না গেলেও, বিষয়টি যে তার অতিমানবীয় শক্তিতে প্রভাব ফেলেনি এতটুকুও, তার প্রমাণ সিনেমাটির দুধর্ষ সব অ্যাকশন দৃশ্যে এর মধ্যে পেয়েই গেছেন দর্শকরা।

কেবল অন্তর্বাস নয়, রসবোধের দিক দিয়েও স্নাইডারের ‘ম্যান অফ স্টিল’ আগের ‘সুপারম্যান’ সিনেমাগুলোর থেকে অনেকটাই আলাদা। শুরুর সময় থেকেই সুপারম্যানকে দেখানো হয়েছে বিশাল হৃদয়ের, আইনের প্রতি শ্রদ্ধাশীল অসম্ভব সৎ, ন্যায়বান এবং রসিক একজন পুরুষ হিসেবেই। দীর্ঘদিন ধরে চলে আসা সুপারম্যানের ওইসব চারিত্রিক বৈশিষ্টের ঐতিহ্যকেও সফলভাবেই পরিবর্তন করেছেন স্নাইডার। আর তাই ‘ম্যান অফ স্টিল’-এ অনেকটা ব্যাটম্যান-এর আদলেই বেশ রহস্যে ঘেরা, কঠিন মানসিকতার এক সুপারম্যানকে পেয়েছেন দর্শকরা।

নতুন ধরনের এই সুপারম্যান-এর রূপায়নের জন্য বেশ কয়েকটি অডিশনের পর হেনরি ক্যাভিলকেই মনে ধরে নির্মাতাদের। ৩০ বছর বয়সী ক্যাভিল এর আগেও একবার সুপারম্যান চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন; কিন্তু ২০০৬-এর ‘সুপারম্যান রিটানর্স’ নামের সেই সিনেমায় তাকে হারিয়ে চরিত্রেটি বাগিয়ে নিয়েছিলেন ব্র্যান্ডন রুথ। ছয় বছর আগে হারানো সেই সুযোগ আবারো পেয়ে কঠোর পরিশ্রম শুরু করেন ক্যাভিল। টোটাল ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাভিল জানান, চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করতে ওই সময়ে দৈনিক ৫০০০ ক্যালরির খাবার খেতেন তিনি, দেহ গঠনের জন্য টানা আট ঘন্টার জন্য জিমনেসিয়ামে কাটাতেন। আর এভাবেই প্রথম ব্রিটিশ অভিনেতা হিসেবে ক্যাভিল সুযোগ পেয়ে যান ‘সুপারম্যান’ চরিত্রে; সুযোগ ঘটে একই সিনেমায় রাসেল ক্রো, কেভিন কস্টনার, মাইকেল শ্যানন, লরেন্স ফিশবার্গদের মতো অভিনেতার সঙ্গে কাজ করার।

সিনেমার প্রধান নারী চরিত্র, ‘লুইস লেইন’কে খুজে পেতে শুরুর দিকে বেশ বেগই পেতে হয়েছিলো নির্মাতাদের। মিলা কিউনিস, অলিভিয়া ওয়াইল্ড থেকে শুরু করে ক্রিস্টেন স্টুয়ার্ট- হাল আমলের হলিউডি অনেক সুন্দরীকেই অডিশনের জন্য ডেকেছিলেন স্নাইডার; কিন্তু শেষতক স্বাধীনচেতা, উচ্চাভিলাষী এবং আত্মমর্যাদাশীল নারী সাংবাদিক ‘লুইস’কে অভিনেত্রী এমি অ্যাডামস-এর মধ্যেই খুঁজে পান তিনি।

পরিচালক জ্যাক স্নাইডার এতোদিন ধরে পরিচিত ছিলেন অসাধারণ সব ভিজ্যুয়াল ইফেক্ট, চড়া কালার কম্পোজিশন এবং ড্রামাটিক সব অ্যাকশন দৃশ্যের জন্য। স্নাইডারের দুই বিখ্যাত সিনেমা ‘সাকার পাঞ্চ’ এবং ‘থ্রি হান্ড্রেড’-এর রোমহর্ষক সব উপকরণই পাওয়া যাবে ‘ম্যান অফ স্টিল’ এ। বিশেষ করে ক্রিপ্টন গ্রহের দৃশ্য এবং জেনারেল জড এর সঙ্গে সুপারম্যানের সংঘাতের দৃশ্যগুলোতে স্নাইডারের দক্ষতার কথা একবাক্যে স্বীকার করেছে প্রথমসারির সব সমালোচকই। বিশেষ করে ‘থ্রি ডি’ সিনেমার এই যুগে বাস্তবসম্মতভাবে অসাধারণ এসব অ্যাকশন দৃশ্যের প্রশংসায় এখন পঞ্চমুখ গোটাবিশ্ব। আইএমডিবি রেটিং-এ দশের মধ্যে ৮.২ পাওয়া সিনেমাটি সমানভাবে সমাদৃত হয়েছে সবমহলেই।

সিনেমাটি শুরু সুপারম্যান-এর জন্মের দৃশ্য দিয়ে। ক্রিপ্টন গ্রহের অধিবাসী জর-এল (রাসেল ক্রো) এর স্ত্রী লারা লর-ভ্যান (আইলেট জুরার)-এর গর্ভে জন্ম নেয় গ্রহটির একমাত্র প্রাকৃতিক উপায়ে জন্ম নেওয়া শিশু কাল-এল (সুপারম্যান)। গ্রহটিতে প্রাকৃতিকভাবে শিশুজন্মের ওপর নিষেধাজ্ঞা থাকায়, জন্মের সঙ্গে সঙ্গেই কাল-এল এর পরিবার এবং ক্রিপ্টনের ওপর নেমে আসে সুপার ভিলেন জেনারেল জড (মাইকেল শ্যানন)-এর ক্রোধ। সদ্যজাত শিশুটিকে বাঁচাতে তাই জর-এল ওই মুহূর্তেই রকেটে করে পৃথিবীতে পাঠিয়ে দেয় কাল-এলকে। সেখানে ক্যানসাস এর স্মলভিলে একটি পরিবারের সঙ্গে ‘ক্লার্ক কেন্ট’ নামে সাধারণ আর দশটা মানবশিশুর মতোই বেড়ে উঠতে থাকে সে। আস্তে আস্তে নিজের অতিমানবীয় শক্তি সম্পর্কে সচেতন হতে শুরু করে শিশুটি। অবশেষে পরিণত বয়সে এসে ক্লার্ক জানতে পারে নিজের সত্যিকারের ইতিহাস এবং আবিষ্কার করে, পৃথিবীকে ধ্বংস করার জন্য জেনারেল জডের অশুভ পরিকল্পনা। জডের প্রতিহিংসা থেকে মানব জাতিকে বাঁচাতে ক্লার্ক আবির্ভূত হয় ‘সুপারম্যান’ হিসেবে।

আর দশটা গতানুগতিক সুপারহিরো ফিল্ম-এর মতো কেবল মেধাহীন মারামারির দৃশ্য দিয়ে সাজানো হয়নি ‘ম্যান অফ স্টিল’-এর গল্প। আগের ‘সুপারম্যান’ সিনেমাগুলোর মতো কেবল সুপারম্যানের অতিমানবীয় শক্তি এবং পৃথিবীকে বাঁচানোর বীরত্বগাথা বলার মাধ্যমেই শেষ হয়ে যায়নি এটি। ‘ম্যান অফ স্টিল’ এর মাধ্যমে নির্মাতারা যেন বলার চেষ্টা করেছেন, ভিনগ্রহের এই অতিমানবেরও রয়েছে একটি করুণ মানবিক দিক, এক বিপর্যস্ত পারিবারিক অতীত এবং সাধারণ মানুষের মতোই অতীত নিয়ে পিছুটানের অসহায় মানসিক যন্ত্রণা। অনেক বেশি ‘মানবিক’ এই সুপারহিরোর জীবন এবং আন্তর্জাগতিক ক্ষমতার লড়াইয়ে জেনারেল জডকে পরাভূত করার টানটান উত্তেজনার এই সিনেমায় দর্শকরা খুঁজে পেয়েছেন নতুন প্রজন্মের এক ‘সুপারম্যান’কেই।           

সব মিলিয়ে ‘ম্যান অফ স্টিল’কে অনেকেই বলছেন সুপারম্যান সিরিজের পুনর্জন্ম হিসেবে। মুক্তির প্রথম সপ্তাহেই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসায়, প্রযোজকরাও এরই মধ্যে ঘোষণা দিয়েছেন এই সিরিজের আরো সিকুয়াল তৈরির। বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স; শেষ খবর অনুযায়ী, চলতি মাসের ২৮ তারিখেই অনুষ্ঠিত হবে এটির প্রিমিয়ার।