‘ঘোস্ট রেকন’ পরিচালনায় বে
হলিউডি চলচ্চিত্র নির্মাতা মাইকেল বে বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে মিলিটারি ভিডিও গেম সিরিজ ‘ঘোস্ট রেকন’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে কাজ করছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
যদিও সিনেমাটির কাজ এখনও গোড়ার দিকেই রয়েছে, তবে প্রযোজনা প্রতিষ্ঠানটির ধারণা ‘ট্রান্সফরমারস’খ্যাত পরিচালক বে পারবেন লেখক টম ক্ল্যান্সির লেখা অবলম্বনে নির্মিত ভিডিও গেমটিকে সূ²ভাবে চিত্রায়িত করতে।
ভিডিও গেমটি মূলত কাল্পনিক রেকন দলের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। রেকন ইউএস আর্মির একটি বিশেষ দল।
ইউবিসফট মোশন পিকচারর্স প্রধান জিন জুলিয়ান ব্যারোনেট জানান, “রেকন কোনো প্রতিষ্ঠান নয়। তারা ইউএস সেনাবাহিনীরই একটি দল যারা বিশেষ পরিস্থিতিতে কার্যকর হয়। তারা এমন কিছু অস্ত্র ব্যবহার করে যা অন্যরা কখনও দেখেনি। তবে এটি সায়েন্স ফিকশন ভিত্তিক সিনেমা নয়।”
বে বর্তমানে ‘ট্রান্সফরমার্স ৪’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদিও তিনি ‘গোস্ট রেকন’ সিনেমার চুক্তি এখনও স্বাক্ষর করেননি তবে তিনি যে সিনেমাটি পরিচালনা করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
