শিশুদের জন্য জনি ডেপ
জ্যাক স্প্যারোর পোশাকে হাসপাতালে গিয়ে অসুস্থ শিশুদের আনন্দ দিয়েছেন জনি ডেপ।
হলিউডি অভিনেতা জনি ডেপ সম্প্রতি তার অভিনীত বিখ্যাত চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর পোশাকে একটি হাসপাতালে গিয়ে অসুস্থ শিশুদের আনন্দ দিয়েছেন। খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
‘ফিমেলফার্স্ট ইউকে’-কে জনির অভিনীত সিনেমা সিরিজ ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এর প্রযোজক জেরি ব্রাকহেইমার বলেন, “ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ওই পোশাক পরে প্রায়ই অসুস্থ শিশুদের আনন্দ দিতে ঘুরে বেড়ান জনি।”
জেরি আরও বলেন, “জনি ভালো করেই জানেন তিনি খুবই ভাগ্যবান একজন মানুষ। আর তাই তিনি এত কিছু পাওয়ার বিনিময়ে পৃথিবীকে কিছু দিতে চান।”
৫০ বছর বয়সী জনিকে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পঞ্চম পর্বেও দেখা যাবে।
