ডেনিসের কাছেই সন্তানদের রাখতে চান চার্লি
দুই সন্তানের তত্ত্বাবধানের দায়িত্ব সাবেক স্ত্রী ডেনিসকে দিতে চান চার্লি শিন
অভিনেতা চার্লি শিন চান, তার সাবেক স্ত্রী ব্রুক মুলারের দুই জমজ পুত্র সন্তান তার আরেক সাবেক স্ত্রী ডেনিস রিচার্ডসের তত্ত্বাবধানে বেড়ে উঠুক। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
অভিনেত্রী ডেনিস রিচার্ডস বর্তমানে শিনের দুই পুত্র বব এবং ম্যাক্সকে নিজের তত্ত্বাবধানে রেখেছেন। কারণ, তাদের মা ব্রæক মাদকাসক্তির কারণে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শিন জানিয়েছেন ব্রুক রিহাব থেকে ফিরে তার সন্তানদের জন্য কতখানি যত্নশীল এবং দায়িত্বপূর্ণ মা হতে পারবেন সে বিষয়ে যথেষ্ট সন্দিহান তিনি।
রাডার অনলাইন এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চার্লি মনে করেন ডেনিসের সঙ্গে থাকাই তার সন্তানদের জন্য সবচেয়ে ভালো। তিনি আদালতে বিচারককে অনুরোধ করবেন যেন তার বাচ্চাদের ডেনিসের সঙ্গেই থাকতে দেওয়া হয়। ব্রুকের মাদকাসক্তি তাকে সঠিকভাবে বাচ্চাদের যত্ন নিতে বাধা দেবে বলে মনে করেন শিন।
জানা গেছে, ব্রুক বর্তমানে ২০তম বারের মতো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করছেন।
আর কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে আদালত রায় ঘোষণা করবে। এদিকে ডেনিসও চান শিনের দুই পুত্র তার সঙ্গেই থাকুক, কারণ তার পরিবারে রয়েছে শিনের সঙ্গে তার দুই কন্যা স্যাম এবং লোলা।
এ বিষয়ে এক সূত্র জানিয়েছে, ডেনিস অবশ্যই চান শিনের দুই পুত্র তার সঙ্গে থাকুক। তিনি ওদের জন্য একটি আনন্দময় জীবন চান এবং ওদের যত্ন নিতে তিনি খুবই পছন্দ করেন। বব এবং ম্যাক্সও তাদের বোন স্যাম এবং লোলার সঙ্গে থাকতে পছন্দ করে। ডেনিসের দত্তক কন্যা এলোয়েসও থাকে তাদের সঙ্গে।
