আমেরিকা মাতাচ্ছে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’
মার্কিন টপচার্টের সেরা দশে বলিউডি সিনেমা।
মে মাসের ৩১ তারিখ আমেরিকার ১৬২টি থিয়েটারে মুক্তি পাওয়ার পর এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজার ডলার আয় করেছে বলিউডি সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’। খবর জি নিউজ ব্যুরোর।
সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে আমেরিকার বক্স অফিস বিশ্লেষক পল ডেরগারাবেডিয়ান জানান, আমেরিকার বক্স অফিসের ইতিহাসে এটা খুবই বিরল ঘটনা যে টপ চার্টে উঠে এসেছে বলিউডের একটি সিনেমা, যেখানে এখন পর্যন্ত কোনো হিন্দি সিনেমা কখনও সেরা ১৫ কিংবা সেরা ২০ সিনেমার তালিকার উপরে উঠতে পারেনি।
পল আরও জানান, আমেরিকায় ভারতীয় সিনেমা এমনিতে বেশিসংখ্যক থিয়েটারে মুক্তি দেওয়া না হলেও সিনেমাগুলো দেখার জন্য দর্শক সমাগম সবসময়ই ভালো থাকে।
আমেরিকার বক্স অফিসের হিসেব অনুযায়ী এ সপ্তাহের টপ চার্টে সেরা দশ সিনেমার মধ্যে এক নম্বরে রয়েছে ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’, যার এখন পর্যন্ত আয় ৩০ লাখ ৪৫ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘নাও ইউ সি মি’ যার বক্স অফিস সংগ্রহ ২৮ লাখ ৫ হাজার ডলার। ২০ লাখ ৭০ হাজার ডলার আয় করে ‘আফটার আর্থ’ রয়েছে তৃতীয় অবস্থানে। সেরা দশের তালিকায় আরও রয়েছে ‘এপিক’, ‘স্টার ট্রেক: ইনটু ডার্কনেস’, ‘দ্য হ্যাংওভার পার্ট থ্রি’, ‘আয়রন ম্যান থ্রি’, ‘দ্য গ্রেট গ্যাটসবাই’-এর মতো সিনেমা। আর ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ স্থান পেয়েছে নয় নম্বরে।
