শরণার্থী সঙ্কটে জোলির উদ্বেগ
অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন মানবতাবাদী নানা কাজে। জাতিসংঘের এই শুভেচ্ছাদূত এবার বিশ্বের ক্রমবর্ধমান শরণার্থী সমস্যাকে উল্লেখ করলেন ‘এই প্রজন্মের সবচেয়ে বড় সঙ্কট’ হিসেবে।
বেশ কয়েক বছর ধরেই গোটা বিশ্ব, বিশেষ করে ইউরোপ শরণার্থী সমস্যায় জর্জরিত। ২০১৫ সালে শুরু হওয়া সিরিয়া যুদ্ধে যা হয়ে ওঠে আরও প্রকট। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং সিরিয় যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা নিরসনে কাজ করছেন অনেকেই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেই সে সময় বিশ্বনেতাদের এবং জাতিসংঘের উদ্যোগে অসংখ্য দেশত্যাগী মানুষকে ফিরিয়ে আনা গিয়েছিল তাদের নিজেদের ঘরে। জোলি মনে করছেন, সত্তর বছর পেরিয়ে পুরো বিশ্ব আবারও এরকম একটি কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়েছে।
তার ভাষ্যে, “আমি বিশ্বাস করি এটা এমন এক শরণার্থী সঙ্কট, যা একটি প্রজন্মে একবারই ঘটে এবং সকল দেশের সম্মিলিত চেষ্টাতেই এটা নিরসন সম্ভব।”
বিবিসিকে দেওয়া এক বিস্তারিত সাক্ষাৎকারে জোলি আরও বলেন, “আমরা কিভাবে এই সঙ্কট মোকাবেলা করবো-- সেটাই নির্ধারণ করবে আমরা একটি সুন্দর গোছানো বিশ্ব নির্মাণ করতে পারবো নাকি আমরা এর চেয়েও বড় অস্থিতিশীল অবস্থার মুখোমুখি হবো।”
গত বছর থেকেই শরণার্থী সঙ্কট প্রকটাকার ধারণ করে ইউরোপ জুড়ে। যুদ্ধবিদ্ধস্ত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা ছাড়াও এশিয়া মহাদেশ থেকেও ছয় কোটি মানুষ সামান্য মাথা গোঁজার জায়গা খোঁজার জন্য ঠাঁই নিয়েছে ইউরোপের মহাসড়কগুলোতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এটাই সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট, জানাচ্ছে জাতিসংঘ।
শরণার্থীদের প্রতি বিরূপ আচরণ না করে তাদের সঠিক জায়গায় স্থান দেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন জোলি। বলছেন এখনই উদ্যোগ না নিলে এই সঙ্কট নিরসনের উর্ধ্বে চলে যাবে।
তিনি বলেন, “এরকম চলতে থাকলে ইউরোপসহ অন্যান্য দেশে শরণার্থী সমস্যা আরও প্রকট অবস্থায় চলে যাবে। আরও অনেক মানুষ তাদের দেশ ছেড়ে চলে আসবে।”
আর সমস্যা মেটানোর জন্য যেন কোন দেশ শরণার্থী প্রবেশ বন্ধ করে না দেয়, সে ব্যাপারে করজোড়ে অনুরোধ জানিয়েছেন এই অস্কারজয়ী।
“আপনার প্রতিবেশীর ঘরে আগুন লাগার সময় ঘরের দরজা বন্ধ করে রাখলে আপনিই বিপদে পড়বেন। বিচ্ছিন্নতাবাদ শক্তি নয়।”
ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ বাড়তি এই শরণার্থী সঙ্কট সামাল দিতে বছরের শুরুতে তুরস্কের সঙ্গে চুক্তিতে এলে গত বছর লক্ষাধিক শরণার্থীর গ্রিসে আসার পথ বন্ধ হয়ে যায়। তবে অনেকেই মনে করছেন, এই চুক্তির ফলে নতুন সীমানা ধরে বুলগেরিয়া কিংবা আলবেনিয়া হয়ে ভূমধ্যসাগর দিয়ে ইতালি পৌঁছানো সম্ভব, বিশেষ করে লিবিয়া সঙ্কটে যারা জর্জরিত আছেন।
শরণার্থী সমস্যা নিরসনে দ্বিধাবিভক্ত বিশ্বনেতাদের উদ্যোগ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ইউএনএইচসিআর-এর দূত জোলি। এই সঙ্কট নিজেদের দেশের জন্য ক্ষতি বয়ে আনবে, এমন ধারণার কড়া সমালোচনা করেছেন তিনি।
শুধু তাই নয়, বিশ্বের এই সঙ্কটময় পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বক্তব্যে বিরক্ত জোলি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম হয়েছে ধর্মের স্বাধীনতা থেকে। তাই এই কথাগুলো একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর কাছ থেকে হজম করা কষ্টকর।”
