‘বুবুজান’ দেখতে মাহিয়া মাহির দাওয়াত
৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।
নারী নির্যাতনের প্রেক্ষাপটে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।
সিনেমাটি নিয়ে ‘ভীষণ এক্সাইটেড’ জানিয়ে দলে বলে সবাইকে সিনেমা হলে যাওয়ার দাওয়াত দিলেন এ নায়িকা।
বুবুজান সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।
শাপলা মিডিয়ার ব্যানারে সিনেমাটি ভালোবাসা দিবস উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। বুধবার ২৩ সেকেন্ডের টিজার মুক্তি দেওয়া হয়েছে।
টিজারে শান্ত খানের অ্যাকশনের পাশাপাশি মাহিকে দেখা গেছে কয়েক ঝলক।
সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্লিটজকে বলেন, “সিনেমাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। এটি আমার ভীষণ পছন্দের একটি সিনেমা। ভাই-বোনের গল্পকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
“দর্শকদের উদ্দেশে বলব, ১৭ ফেব্রুয়ারি দলেবলে চলে আসুন সিনেমা হলে। উপভোগ করুন দারুণ গল্পের একটি সিনেমা। আশাকরি সবারই ভালো লাগবে।”
শান্ত খান বলেন, “সিনেমাটি গল্প নির্ভর। অনেকটা মান্না স্যারের আম্মাজান ছবির মতো। ওই সিনেমায় তিনি যেমন মা বলতে পাগল তেমনি আমি এই সিনেমায় বোন বলতে পাগল। প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। আমার নায়িকা হিসেবে দেখা যাবে সালওয়াকে। আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।”
পরিচালক শামীম আহমেদ রনিও দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ করেন।
তিনি বলেন, “আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেশ মুড নিয়ে বাসায় ফিরবেন। ছবিতে সুন্দর একটা মেসেজ এবং টুইস্ট আছে। যেটা সবার ভাল লাগবে।”
