২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ মহিদুল স্মরণে ব্যতিক্রমের আয়োজন

শিলপকলা একাডেমিতে এদিন দুটো নাটক মঞ্চস্থ করবে ব্যতিক্রম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 07:59 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ২০তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করবে তার গড়া নাট্য সংগঠন ব্যতিক্রম নাট্যগোষ্ঠী।

তার স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দুটো নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছে ব্যতিক্রম। প্রথমটি মনোজ মিত্রের পাখি, নির্দেশনায় থাকছেন সাইফুল ইসলাম সোহাগ। দ্বিতীয়টি পিছু ডাক, শরদিন্দু বন্দোপাধ্যায়ের এই নাটকটি নির্দেশনা দিয়ে যান সৈয়দ মহিদুল ইসলাম।

নাট্যকার, অভিনেতা, নির্দেশক সৈয়দ মহিদুলের জন্ম বাগেরহাটেরই ফকিরহাটে, ১৯৪৬ সালের ১ জানুয়ারি। ২০০২ সালের ২৩ অগাস্ট তিনি মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়াশোনার পর সৈয়দ মহিদুল ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

নিজের প্রতিষ্ঠিত ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর জন্য বিভিন্ন নাটক লেখা ও নির্দেশনা দেওয়ার পাশাপাশি বেতার ও টেলিভিশনে অসংখ্য নাটকে অভিনয় ও কণ্ঠ দেন এই শিল্পী।

অনেক চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি; ‘আমি কার’ ও ‘স্বপ্ন যাত্রা’ নামে দুটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেন।

তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- ঈশ্বর এবং আমি, মানুষ অচেনা অন্ধকার, আয়নার সামনে চড়ুই পাখি, অবশেষে, অভিনয় ইত্যাদি।

মঞ্চ ও টেলিভিশনের জন্য ডজন খানেক নাটক অনুবাদও করেন সৈয়দ মহিদুল।