৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘উনপুরুষ’ দিয়ে নাট্যযাত্রা শুরু করছে নবরস

মঙ্গল ও বুধবার রাজধানীর নাটক সরণিতে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘উনপুরুষ’ নাটকের দুটি প্রদর্শনী হবে।

‘উনপুরুষ’ দিয়ে নাট্যযাত্রা শুরু করছে নবরস

নবরস নৃত্য ও নাট্যদল প্রতিষ্ঠা করা হয় ২০১৮ সালে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 11:10 AM

Updated : 21 Jan 2024, 11:21 AM

নতুন বছরের শুরুতে নাটক নিয়ে ঢাকার মঞ্চে আসছে নতুন নাট্যদল 'নবরস'।

অপু মেহেদীর রচনা ও সৈয়দা শামছি আরা সায়েকার নির্দেশনায় ‘উনপুরুষ’ দিয়ে যাত্রা শুরু করছে দলটি।

আগামী মঙ্গল ও বুধবার রাজধানীর নাটক সরণিতে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির দুইটি প্রদর্শনী হবে। প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নবরস নৃত্য ও নাট্যদল। প্রতিষ্ঠার পর বেশ সময় নিয়েই দলটি মঞ্চে আনছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’।

নাটকের রচয়িতা অপু মেহেদী বলেন, “এটি একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প। আমাদের তথাকথিত সমাজের নিয়মের যাঁতাকলে পিষ্ট হয়ে এক সংকটময় পথে চলতে থাকে তার অনিশ্চিত জীবনযাত্রা।“

মেহেদী বলেন, “শুধুমাত্র জন্মসূত্রে প্রাপ্ত পরিচয় দিয়েই মানুষের আত্মনির্ণয় ঘটে না। এক্ষেত্রে জেন্ডার বা সামাজিক লিঙ্গ একটা বড় ভূমিকা রাখে। আমাদের সমাজ মানুষের সামাজিক পরিচয়ের কিছু ছকবাঁধা পরিচয় নির্ধারণ করে রেখেছে।

“সমাজের এসব নির্ধারিত পরিচয়ের বাইরেও মানুষের পরিচয় রয়েছে। বেড়ে ওঠার সাথে সাথে মানুষ তার অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা অনুভূতি দিয়েই ঠিক করে নিতে চায় তার সামাজিক পরিচয়। এই পরিচয় বা আত্মনির্ণয়ে যখন বাধা এসে দাঁড়ায়, তখনই সে হয়ে ওঠে বিপন্ন।”

Image

প্রতিষ্ঠার ৫ বছর পর ‘উনপুরুষ’ নাট্যদল নবরসের প্রথম প্রযোজনা।

অপু মেহেদী বলেন, “আমাদের চারপাশে এমন অসংখ্য বিপন্ন মানুষ রয়েছে। তাদের কেউ কেউ পরিচয়ের স্বীকৃতির জন্য সোচ্চার হয় আবার কেউ কেউ সমাজের ঘৃণিত রূপ দেখার ভয়ে আমৃত্যু আড়াল করে রাখে নিজেকে। আমাদের সমাজের এই আত্মনির্ণয় বিপন্ন মানুষদের গল্প বলার প্রয়াসই উনপুরুষ।“

নির্দেশক সামছি আরা সায়েকা বলেন “সবকিছুরই ভালো-মন্দ দুটি দিক থাকে। সমাজের যেমন ভালো রূপ আছে তেমনি আছে খারাপ রূপও। সেই খারাপ রূপগুলো দেখার ভয়ে মানুষ নিজেকে বদ্ধ করে রাখে অন্ধ কুঠুরির মধ্যে। তাতে কিন্তু খারাপ রূপের শক্তি বাড়তেই থাকে। নাটকটি দর্শক হৃদয়ে ভিন্নমাত্রার দাগ কাটবে। কেননা এই ধরনের গল্প নিয়ে বাংলাদেশের মঞ্চে তেমন কাজ হয়নি। এই নাটকের গল্প নাটকের অন্যতম মূলশক্তি।“

’উনপুরুষ’ এ অধিকাংশ নবীন শিল্পীদের নিয়েই কাজটি করা হয়েছে বলে জানান সায়েকা।

তিনি বলেন, “দীর্ঘদিন অভিনয়ের সাথে যুক্ত হলেও নির্দেশক হিসেবে এটি আমার প্রথম কাজ। সে হিসেবে কাজটি আমার কাছে এক ধরনের চ্যালেঞ্জ। আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টা ও দর্শকদের সমর্থনে আমরা চ্যালেঞ্জকে উৎরে যেতে পারব।“

Image

‘উনপুরুষ’ রচনা করেছেন অপু মেহেদী এবং নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা।

এ নাটকে অভিনয় করেছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, নূর-এ-খোদা মাশুক সিদ্দীক, সৈয়দা শামছি আরা সায়েকা, জিসান আদিত্য জয়, নুসরাত জাহান বন্যা, সাদিকা মালিহা শখ, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি, বন্যা, শখসহ আরও অনেকে।।

‘উনপুরুষ’ নাটকের আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম। পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি এবং সংগীত পরিকল্পনা করেছেন এ বি সিদ্দিক।

এ নাটকে টিকেটের দাম রাখা হয়েছে ২০০, ৫০০ এবং ১০০০ টাকা।

প্রদর্শনীর দিন কাউন্টার ছাড়াও ০১৭১১৮৯২৩০৯ ও ০১৭৮১১৬৬৫৯৮ নম্বরে যোগাযোগ করে অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।