নবরসের নতুন নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’
শিমুলতলী গ্রামের দুই ভিন্ন ধর্মের কিশোর-কিশোরী সোজন ও দুলীর প্রেম, সামাজিক ও ধর্মীয় দ্বন্দ্ব এবং বিরহের গল্প নিয়ে আবর্তিত হয়েছে নাটকের মূল কাহিনী।
পল্লিকবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ মঞ্চে নিয়ে আসছে নৃত্য ও নাটকের দল নবরস; এটি দলটির পঞ্চম প্রযোজনা।
আগামী ৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
শিমুলতলী গ্রামের দুই ভিন্ন ধর্মের কিশোর-কিশোরী সোজন ও দুলীর প্রেম, সামাজিক ও ধর্মীয় দ্বন্দ্ব এবং বিরহের গল্প নিয়ে আবর্তিত হয়েছে নাটকের মূল কাহিনী।
কাব্যগ্রন্থটি নাটকে রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা।
তিনি বলছেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপট, ধর্মীয় জটিলতা ও কুসংস্কারের বিষয়টি মাথায় রেখেই এটি নতুন করে মঞ্চে আনা হচ্ছে। মূল গল্প ঠিক রেখে নাটকে তিনটি নতুন গানও যুক্ত করা হয়েছে।
নাটকটিতে সোজন চরিত্রে অভিনয় করবেন ইউসুফ রাসেল অথবা শাহীন আলম জীবন এবং দুলী চরিত্রে অভিনয় করবেন শামছি আরা সায়েকা অথবা নীলিমা রাশেদ। আর ছোটবেলার সোজন ও দুলীর চরিত্রে দেখা যাবে কাশফি আলফি আহমেদ ও আফিয়া জামান সৃজাকে।
