পুলিশ ডেকে নেওয়ার পরদিন ফের অনাবৃত উরফি
সাজ-পোশাক নিয়ে মামলা-সমালোচনা কেয়ারই করছেন না উরফি।
উদ্ভট সব সাজে হাজির হয়েই আলোচিত উরফি জাভেদ, সেই সাজের মূল বিষয় থাকে নগণ্য পোশাক। তা নিয়ে সমালোচনা পেরিয়ে পুলিশের মুখোমুখিও হতে হয়েছে তাকে। তবে তাতে নিজেকে বদলাচ্ছেন না উরফি।
রোববার সকালে উরফি প্রায় অনাবৃত শরীরের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তাকে নিয়ে বিতর্ককে ফের উসকে দেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভিডিওতে উরফিকে একপাশ ছেড়া নীল স্কার্ট পরা অবস্থায় দেখা যায়। দুই স্তনবৃন্তের উপর ছিল কেবল নীল রঙা পশমী পালকের দুটো ডানা। পেটের খানিকটা ওপরে এঁকেছিলেন কালো পালক, পায়ে ফিতাযুক্ত সাদা হিল।
বরাবরের মতোই তা ছবিতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। তবে মন্তব্যের ঘরে সমালোচনার ভাগই ছিল বেশি। একজন লেখেন, ‘নারীদের সম্মান ক্ষুণ্নকারী উরফি’, আরেকজন লেখেন, ‘সম্ভবত মানুষিকভাবে অসুস্থ’।
এই পোশাক বিতর্কের জন্য একদিন আগেই মুম্বাই পুলিশ ডেকে নিয়েছিল উরফিকে। কারণ তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ করেছিলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘ।
শনিবার থানায় গিয়ে উরফি বলেন, “কাজের প্রয়োজনে নানা ধরনের পোশাক পরি আমি। নানা ধরনের পোশাক পরতে ভালবাসি। সেটা কখনও অপরাধ হতে পারে না।”
“নিজের ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা আমার আছে। কেউ তাতে বাধা সৃষ্টি করতে পারে না,” সেই সঙ্গে বলেন তিনি।
উরফি জাভেদ ২০১৬ সালে সনি টিভির ‘বড় ভাইয়া কি দুলহানিয়া’তে অবনী চরিত্রের মধ্যদিয়ে ছোটপর্দায় আত্ম প্রকাশ করেন অভিনেত্রী হিসেবে। এরপর ‘চন্দ্র নন্দিনী’তে ছায়া চরিত্রে, ‘মেরি দুর্গা’তে আরতি চরিত্রে, ‘সাত ফেরো কি হেরা ফেরি’-তে কামিনী জোশীর চরিত্রে, ‘বেপান্না’তে বেলা কপুরের চরিত্রে, ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’তে শিবানীভাটিয়ার চরিত্রে এবং ‘কসৌটি জিন্দেগি কি’তে তানিশা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।
বিগ বস ওটিটি-র সুবাদে আলোচনায় উঠে আসা উরফি এখন বরাবরই আলোচিত থাকছেন পোশাক আর সাজ নিয়ে।
